২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওআইসি থেকে বহিষ্কার হচ্ছে সিরিয়া’

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) থেকে সিরিয়াকে বহিষ্কারের ব্যাপারে একমত হয়েছে সদস্যরাষ্ট্রগুলো। সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রস্তুতিমূলক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ইরান এর বিরোধিতা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 05:19 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

জেদ্দা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) থেকে সিরিয়াকে বহিষ্কারের ব্যাপারে একমত হয়েছে সদস্যরাষ্ট্রগুলো। সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রস্তুতিমূলক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ইরান এর বিরোধিতা করেছে। ওআইসি’র একটি সূত্র সোমবার এ তথ্য জানিয়েছে। ওই সূত্র জানায়, “বৈঠক মাত্র শেষ হয়েছে। মন্ত্রীরা সিরিয়াকে বহিষ্কারের একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন।” ৫৬ সদস্য রাষ্ট্র ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত ওআইসি বিশ্বে মুসলিমদের স্বার্থ রক্ষায় কাজ করে থাকে। এই প্রথমবারের মতো সংগঠনটি ১৭ মাস ধরে চলা সিরিয়ার গণঅভ্যুত্থান ও আসাদ সরকারের দমন-পীড়নের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দেখালো। সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ওআইসি সম্মেলনের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবার সালেহি সাংবাদিকদের জানান, “বহিষ্কারের মধ্যদিয়ে কোনো সমস্যা সমাধানে অগ্রগতি অর্জিত হয় না।” মঙ্গলবার থেকে সৌদি আরবের মক্কায় দুই দিনের ওই সম্মেলন শুরু হবে। সিরিয়ার বহিষ্কারের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওআইসির সদস্যরাষ্ট্রগুলোর দুইতৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হবে। ফলে ইরান এককভাবে ওআইসির নেতাদের নেওয়া এই সিদ্ধান্ত ঠেকাতে পারবে না। বুধবার সিরিয়ার বিষয়ে ওআইসির সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে কূটনীতিক সূত্রে জানা গেছে। ইতোমধ্যে সৌদি আরব সিরিয়ার ব্যাপারে প্রেসিডেন্ট আসাদের প্রতিপক্ষ বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সালেহির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মক্কায় ওআইসির সম্মেলনে সৌদি আরবসহ সুন্নি মুসলিম শাসিত রাষ্ট্র ও ইরানসহ শিয়া মুসলিম শাসিত রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আধিপত্য বিস্তারের বিষয়টি সামনে চলে আসলো। সৌদি আরব ও ইরানের নানা পর্যায়ে বিরোধের জেরে মধ্যপ্রাচ্যে মুসলিমদের মধ্যে স¤প্রদায়গত ঘৃণা ও অস্থিতিশীলতা ক্রিয়াশীল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.