দুবাই, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্পে আহত কয়েক হাজার মানুষের উপচে পড়া চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে ইরানের উত্তরপশ্চিম এলাকার হাসপাতালগুলোর চিকিৎসকদের।
শনিবার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখানে প্রায় ৩শ’ জন নিহত ও কয়েকটি গ্রাম বিধ্বস্ত হয়।
ভূমিকম্পের পরাঘাতের ভয়ে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী ভিত্তিতে তৈরি করা তাঁবু ও এলাকার পার্কগুলোতে রাত্রিযাপন করছে। শনিবারের ভূমিকম্পের পর সোমবার পর্যন্ত ৬০টি পরাঘাতের ঘটনা ঘটেছে।
একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছে, তাঁবু ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর অভাবে অনেক আশ্রয়প্রার্থী রাতে তীব্র ঠাণ্ডার মধ্যে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছেন।
প্রাদেশিক রাজধানী তাব্রিজ, স্থানীয় বড় শহর আরদাবিলসহ অন্যান্য শহরগুলোর চিকিৎসকরা অত্যন্ত তড়িঘড়ি করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করছেন।
শহরে ঢোকার রাস্তাগুলো আহতদের বহন করে আনা গাড়ির ভিড়ে জট লেগে আছে। এতে আশপাশের গ্রাম থেকে মারাত্মক আহতদের নিয়ে আসা লোকদের আত্মীয়স্বজন উদ্বিগ্ন হয়ে পড়েছে।
হাসপাতালগুলোতে চিকিৎসা প্রার্থীদের দীর্ঘ সারি।
রোববার রাতে তাব্রিজ থেকে টেলিফোনে এক চিকিৎসক জানান, “গত রাত থেকে আজ বিকেলে আমি ছেড়ে আসার আগ পর্যন্ত শোহাদা ই তাব্রিজ হাসপাতালের চিকিৎসকরা একের পর এক অস্ত্রোপচার করে গেছেন। এটি একটি ভয়াবহ ঘটনা, তবে জনতা ও কর্মকর্তারা যা যা করতে পারেন তার সবই করার চেষ্টা করছেন।”
“সাধারণ লোকজন উদ্ধারকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করছে। তারা আহতদের জন্য হাসপাতালে খাবার ও পানি নিয়ে যাচ্ছে। অন্যান্যরা নিজেদের গাড়ি নিয়ে আহত আত্মীয়স্বজনকে হাসপাতালে পৌঁছতে সাহায্য করছে।”
ভূমিকম্পে তাব্রিজের নিকটবর্তী অহার, ভারজাঘান ও হারিস শহরের আশপাশের গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ও এখানকার বাসিন্দারা সবচেয়ে বেশি হতাহত হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো।
শনিবার তাব্রিজের উত্তরপুবের এলাকগুলোতে মাত্র ১১ মিনিটের ব্যবধানে ৬ দশমিক ৪ ও ছয় দশমিক ৩ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
রোববার রাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল¬াহ আলি খামেনি ভূূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দেশটির সরকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র, রাশিয়া তুরস্কসহ কয়েকটি দেশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জরুরি ত্রাণ পাঠানোর আগ্রহ প্রকাশ করলেও আন্তর্জাতিক স¤প্রদায়ের কাছে সাহায্যের কোনো আবেদন জানায়নি ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৭ ঘ.
bdnews24