ত্রিপোলি, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সদ্য ক্ষমতাগ্রহণকারী নির্বাচিত জাতীয় পরিষদ গাদ্দাফি শাসনামলের বিরোধীদলীয় নেতা মোহাম্মেদ মাগারিফকে লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচন করেছে।
উদার ইসলামপন্থী মাগারিফ ২শ’ সদস্যের জাতীয় পরিষদের প্রধান হবেন। এই পরিষদ নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে, আইন প্রণয়ন করবে এবং নতুন সংবিধান প্রণয়ন শেষে আগামী বছর পূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করবে।
ন্যাশনাল ফ্রন্ট পার্টির নেতা মাগারিফ জাতীয় পরিষদের ভোটে অপর এক উদারপন্থী প্রার্থীকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
অর্থনীতিবিদ মাগারিফ ভারতে লিবীয় রাষ্ট্রদূত ছিলেন। কিন্তু ১৯৮০’র দশক থেকে তিনি নির্বাসিত ছিলেন। লিবিয়ার সবচেয়ে পুরনো বিরোধীদলীয় আন্দোলন ‘দ্য ন্যাশনাল ফ্রন্ট ফর দ্য সালভেশন অব লিবিয়ার অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। এই আন্দোলন মুয়াম্মার গাদ্দাফির শাসন অবসানে বেশ কয়েক দফা চেষ্টা চালায়।
৭২ বছর বয়সী মাগারিফের নেতৃত্বাধীন ন্যাশনাল ফ্রন্ট পার্টি চলতি বছরের ৭ জুলাই লিবিয়ার আধুনিক সময়ের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত অবাধ জাতীয় নির্বাচনে তিনটি আসনে জয়ী হয়।
বৃহস্পতিবার মধ্যরাতে অনুষ্ঠিত ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি বলেন রয়টার্সকে বলেন, “আমি খুব আনন্দিত এবং সুখী। এ বিশাল এক দায়িত্ব।”
স্বতন্ত্র সদস্য আলি জিদানের সঙ্গে নির্বাচনে মাগারিফ ১১৩ ভোট পেয়ে জয়ী হন। আলি জিদান পেয়েছেন ৮৫ ভোট। প্রেসিডেন্ট নির্বাচনে কেউই প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোটে বিষয়টি নিষ্পত্তি হয়।
দ্বিতীয় দফা ভোটে হেরে আলি জিদান রয়টার্সকে তার প্রতিক্রিয়ায় বলেন, “এটিই গণতন্ত্র। এর স্বপ্নই আমরা দেখেছিলাম।” তিনি মাগারিফকে অভিনন্দনও জানান।
এরআগে বুধবার দিবাগত মধ্যরাতে নির্বাচিত জাতীয় পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশটির অন্তবর্তীকালীন জাতীয় পরিষদ (এনটিসি)। দেশটির আধুনিক সময়ের ইতিহাসে এটিই ছিল প্রথম শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর।
লিবিয়ার দীর্ঘসময়ের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এই অন্তর্র্বতী পরিষদ সরকার পরিচালনা করে আসছিল।
প্রেসিডেন্ট নির্বাচনের পর জাতীয় পরিষদ একজন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। আর ওই প্রধানমন্ত্রী দেশ পরিচালনার জন্য মন্ত্রিসভা গঠন করবেন। এই সরকারের অধীনেই নতুন সংবিধান প্রণয়ন ও আগামী বছর দেশটিতে পূর্ণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতীয় পরিষদে দেশটির যুদ্ধকালীন প্রধানমন্ত্রী মাহমুদ জিব্রিলের নেতৃত্বাধীন জোট দলগুলোর জন্য সংরক্ষিত ৮০ আসনের মধ্যে ৩৯টি আসনে জয় লাভ করে। ওই জোটের রাজনৈতিক প্রতিপক্ষ আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের লিবীয় শাখা ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড কন্সট্রাকশন পার্টি ১৭টি আসনে জয় পেয়েছে।
বাকি ১২০ আসন স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৬ ঘ.
bdnews24