ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে সংসদের কার্যপ্রণালী আর সংবিধান বিষয়ে ‘পাঠ’ নিলেন শচীন টেন্ডুলকার আর ভানুরেখা গণেশন।
জনপ্রিয় ক্রিকেট তারকা শচীন এবং রূপালি পর্দায় এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রেখা স¤প্রতি ভারতের রাজ্যসভার সদস্য মনোনীত হন।
শপথের আনুষ্ঠানিকতা আগেই সারা হলেও বৃহস্পতিবারই প্রথম রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্ব ও জিরো আওয়ারে উপস্থিত হন তারা। সাংসদের হট্টগোলে দুবারই সভা মুলতুবি হয়।
ভারতীয় গণমাধ্যমের খবর, সভা থেকে রেখা ও শচীন যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করনে তারা।
তবে তাদের সেই সাক্ষাৎ শুধু কুশল বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিলো না বলে উল্লেখ করা হয়েছে ভারতের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে। পত্রিকাটি লিখেছে, ‘নবীন সংসদ সদস্যদের’ সঙ্গে ভারতের স্বাধীনতার ইতিহাস, সংবিধান, রাষ্ট্রবিজ্ঞান ও সংসদের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করেন প্রণব।
রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে শচীন সাংবাদিকদের বলেন, “পুরো ব্যাপারটাই ভীষণ উপভোগ্য আর শিক্ষণীয়।”
আর রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎপর্বকে এক কথায় ‘আশির্বাদ’ হিসাবে উল্লেখ করেছেন অভিনয় জগতের কিংবদন্তি রেখা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24