২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ার বিদ্রোহীদের পরবর্তী লড়াই মৌলবাদীদের সঙ্গে’

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গত ১৭ মাসের অভ্যুত্থান-বিদ্রোহে ইসলামি মৌলবাদিদের সমর্থনের জন্য বিদ্রোহীরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু ক্ষমতা থেকে আসাদকে হটানোর পর এই জঙ্গিদের সঙ্গেই বিদ্রোহীদের আবার লড়াইয়ে নামতে হবে বলে মনে করেন অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 07:00 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

আলেপ্পো, সিরিয়া, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গত ১৭ মাসের অভ্যুত্থান-বিদ্রোহে ইসলামি মৌলবাদিদের সমর্থনের জন্য বিদ্রোহীরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু ক্ষমতা থেকে আসাদকে হটানোর পর এই জঙ্গিদের সঙ্গেই বিদ্রোহীদের আবার লড়াইয়ে নামতে হবে বলে মনে করেন অনেকে। উপসাগরীয় বিভিন্ন দেশ, লিবিয়া, পূর্ব ইউরোপ ও এমনকি পাকিস্তান থেকেও ইসলামপন্থীরা এসেছে বিদ্রোহীদের পক্ষ হয়ে লড়াই করতে। তারা অস্ত্র, অর্থ, বিশেষজ্ঞ দিয়ে সহায়তা করার পাশাপাশি লড়াই চালিয়ে যেতেও দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এদের নিয়েই ভয়ে আছে বিদ্রোহীদের একটি অংশ। তাদের ধারণা আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দেখা যাবে অধিকাংশ সিরীয় নাগরিকদের থেকে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য আলাদা। শঙ্কিত এসব সিরীয়দেরই একজন বিদ্রোহী কমান্ডার আবু বকর। কট্টর আসাদবিরোধী আবু বকরও মনেপ্রাণে একজন ইসলামপন্থী। কিন্তু স¤প্রতি বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়া বিদেশি মৌলবাদীদের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে তিনিও শঙ্কিত। তিনি বলেন, “আমি ইসলামপন্থী, আমার দলের যোদ্ধারাও ইসলামপন্থী। কিন্তু সব ইসলামপন্থীরাও এক ধরনের নয়। এই লোকগুলো ইরাকের মতো বিভিন্ন স্থানে বিদ্রোহী হিসেবে লড়াই করার অভিজ্ঞতা নিয়ে এসেছে। এরা অতি চরমপন্থী। তারা রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করতে, বোমা মেরে উড়িয়ে দিতে চায়। এমনকি স্কুলও রাখতে চায় না।” “কিন্তু আমরা চাই নতুন একটি ভবিষ্যৎ। সব কিছু ধ্বংস করতে চাই না। এখন যে পরিস্থিতি তাতে সবারই উদ্দেশ্য আসাদকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু আসাদকে ক্ষমতা থেকে হটানোর পর পুরনো মিত্রদের বিরুদ্ধে আবার আমাদের লড়াইয়ে নামতে হতে পারে,” বলেন বকর। বকর ও তার সঙ্গীরা জানান, একটি কট্টরপন্থী ধর্মীয় রাষ্ট্র হিসেবে নয়, তারা সিরিয়াকে তুরস্কের মধ্যপন্থী মুসলিম শাসনের আদলে রক্ষণশীল একটি রাষ্ট্র হিসেবে দেখতে চান। সিরিয়ায় ক্রমবর্ধমান বিদেশি ইসলামপন্থী সুন্নি যোদ্ধাদের উপস্থিতির লক্ষণে পশ্চিমা শক্তিগুলোও উদ্বিগ্ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫৫ ঘ.