ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তান জুড়ে মঙ্গলবার পৃথক হামলায় এক মার্কিন ও এক ফরাসি সেনাসহ অন্ততপক্ষে ১১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্ততপক্ষে ২০ জন।
আফগান সরকারী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের নিকটবর্তী পাঘমান জেলায় এক বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে নয়জন বেসামরিক আফগান নিহত হয়েছে।
একটি দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হলে সেটি বেসামরিক লোকজনকে বহনকারী একটি মিনিবাসকে আঘাত করে। আফগান সেনাদের বহনকারী একটি বাসকে লক্ষ করে হামলাটি চালানো হয়েছিল বলে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে।
বোমাটি বিস্ফোরিত হওয়ার ঠিক আগ মুহূর্তে সেনা বহনকারী বাসটি এলাকাটি পার হয়ে যায়।
বোমা পেতে রাখার অভিযোগে গ্রামবাসীরা এক ব্যক্তিকে আটক করার পর তাকে গ্রেপ্তার করা হয়।
পূর্ব আফগানিস্তানে আফগান সেনার পোশাক পরিহিত দুই বন্দুকধারীর গুলিতে ন্যাটোভুক্ত এক মার্কিন সেনা নিহত ও অপর দুইজন আহত হয়।
এদিকে প্যারিস থেকে ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের কাপিসা প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ফরাসি সেনা নিহত ও অপর একজন আহত হয়েছে।
এছাড়া লোগার প্রদেশের ন্যাটোর পুলে আলম সেনাঘাঁটিতে অপর এক হামলায় তিন ন্যাটো সেনাসহ ১৭ বেসামরিক আফগান আহত হয়।
হামলাগুলো “নীলের ওপর সবুজ” বলে কথিত একটি ধারাবাহিক হামলার অংশ বলে মনে করা হচ্ছে। এ হামলার বৈশিষ্ট্য হচ্ছে, আফগান সেনার পোশাক পরা ব্যক্তিরা তাদের অস্ত্র যৌথবাহিনী নিধনে ব্যবহার করবে।
লোগার প্রদেশে ন্যাটো ঘাঁটিতে হামলার জন্য হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করেছেন এক জ্যেষ্ঠ আফগান গোয়েন্দা কর্মকর্তা।
তালেবানের ঘনিষ্ঠ মিত্র হাক্কানি নেটওয়ার্ককে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন বলে মনে করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৩০ ঘ.
bdnews24