ইয়াঙ্গুন, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমার সরকারের অধীনে আইনের শাসন পর্যবেক্ষণ ও বাস্তবায়নে সহায়তা করার জন্য গঠিত নতুন সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি’র নাম ঘোষণা করা হয়েছে।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও সাবেক রাজবন্দী সু চি এপ্রিলের উপনির্বাচনে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন।
মঙ্গলবার তাকে সংসদের ‘রুল অব ল এন্ড ট্রাঙ্কুইলিটি’ কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
এর মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কারের পথে আরেকটি সাফল্যের প্রশংসা কুড়ালো মিয়ানমারের আধা- বেসামরিক সরকার।
নতুন ওই কমিটিতে রয়েছেন কচিন ও রাখাইন রাজ্যসহ অন্যান্য সংঘাতপূর্ণ জাতিগত এলাকা থেকে ৫ জনসহ মোট ১৫ জন আইনপ্রণেতা।
কমিটির তিনটি প্রধান লক্ষ্য হচ্ছে: জাতিগত সংঘাত বন্ধ, শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা এবং দেশের সংবিধান সংশোধন করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৩ঘ
bdnews24