২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিখ মন্দিরে হামলাকারী বর্ণবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত

উইসকনসিনে শিখ উপাসনালয়ে ৬ জন শিখকে হত্যাকারী ওয়াদি মিশেল পেজ যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সাবেক সদস্য। একটি ‘স্কিনহেড’ রক ব্যান্ড দলেরও সদস্য পেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 06:26 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ওক ক্রিক, উইসকনসিন, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইসকনসিনে শিখ উপাসনালয়ে ৬ জন শিখকে হত্যাকারী ওয়াদি মিশেল পেজ যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সাবেক সদস্য। একটি ‘স্কিনহেড’ রক ব্যান্ড দলেরও সদস্য পেজ। শ্বেতাঙ্গ বর্ণবাদী গোষ্ঠীর সঙ্গে তার সম্ভাব্য যোগযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উপাসনালয়ে হামলাকালে পুলিশের গুলিতে নিহত পেজ ১৯৯২ থেকে ৯৮ পর্যন্ত সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কাজ করেন বলে জানান ওক ক্রিকের পুলিশ কর্মকর্তা জন এডওয়ার্ডস। আক্রান্ত শিখ মন্দিরটির অবস্থান ওক ক্রিকেই। ১৯৯৮ সালে ‘অসদাচরণের’ দায়ে তাকে সেনাবাহিনীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হামলাটিকে সম্ভাব্য ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী’ ঘটনা হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছে। বর্ণবাদী গোষ্ঠীগুলোর ওপর নজরদারী প্রতিষ্ঠান ‘সাউদার্ন প্রভার্টি ল সেন্টার’ জানিয়েছে, ‘অ্যান্ড অ্যামপ্যাথি’ ও ‘ডেফিনিট হেট’ নামের দুটি বর্ণবাদী ব্যান্ড দলের সদস্য পেজ। এ ব্যান্ডগুলোর ‘ভায়োলেন্ট ভিক্টোরি’ নামের একটি অ্যালবামের প্রচ্ছদচিত্রে একজন কালো মানুষের মুখে একটি সাদা হাত ঘুষি মারছে এমন ছবি আঁকা আছে। এই ব্যান্ডগুলোর স্লোগানে বলা হয়েছে, “আমাদের জনতার অস্তিত্ব ও শ্বেতাঙ্গ শিশুদের ভবিষ্যৎ নিরাপদ করা আমাদের দায়িত্ব।” ২০০৯ সালে ইউটিউবে ‘ডেফিনিট হেট’ ব্যান্ডের পোস্ট করা এক মিউজিক ভিডিওতে স্ক্রল দেওয়া কয়েকটি লিরিকে লেখা আছে, “জেগে ওঠো, সাদা মানুষ, নিজ জাতির জন্য জেগে ওঠো, ভূমির জন্য জেগে ওঠো, জেগে ওঠো মানুষ আর নয়তো তোমাদের মরতে হবে।” ছয় বছর সেনাবাহিনীতে থাকলেও পেজকে দেশের বাইরে কখনো পাঠানো হয়নি। সেনাবাহিনীতে ক্ষেপণাস্ত্র মেরামতকারী ও মনস্তাত্ত্বিক অভিযানের বিশেষজ্ঞ হিসেবে কাজ করতো পেজ। পেজকে আত্মমগ্ন চুপচাপ ধরনের মানুষ হিসেবে বর্ণনা করেছেন তার পরিচিতরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২২৩ ঘ.