২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া সঙ্কট: জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট

সিরিয়ায় সহিংসতার নিন্দা জানিয়ে এবং সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার সমালোচনা করে আনা একটি প্রস্তাবনায় শুক্রবার ভোট দেবে জাতিসংঘ সাধারণ পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 11:50 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় সহিংসতার নিন্দা জানিয়ে এবং সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার সমালোচনা করে আনা একটি প্রস্তাবনায় শুক্রবার ভোট দেবে জাতিসংঘ সাধারণ পরিষদ। এ প্রস্তাবে আইনগত কোনো বাধ্যবাধকতা আরোপ না হলেও এতে করে সিরিয়া সঙ্কট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওপর চাপ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। প্রস্তাবনায় সিরিয়ার দামেস্ক এবং আলেপ্পোয় ট্যাংক, গোলা, হেলিকপ্টার ও জঙ্গিবিমান হামলার নিন্দা জানানো হয়েছে। রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। ১৯৩-সদস্যের সাধারণ পরিষদে এ প্রস্তাবনা সহজেই পাশ হবে বলে মনে করা হচ্ছে। তবে নিরাপত্তা পরিষদে সিরিয়া বিরোধী প্রস্তাবনায় তিনবার ভেটো দেওয়া দুই দেশ চীন ও রাশিয়ার এ প্রস্তবনায়ও ভেটো দেওয়ার আশঙ্কা আছে। জাতিসংঘ-আরব লিগ দূতের পদ থেকে কফি আনানের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণার পর এ ভোটাভুটিতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ। আনানের শান্তি পরিকল্পনা সিরিয়ায় রক্তক্ষয় বন্ধে ব্যর্থ হয়েছে। হতাশ কফি আনান বৃহস্পতিবার শান্তিদূতের পদে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, সিরিয়ায় সহিংসতা বাড়তে থাকায় তার কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তছাড়া, এ সঙ্কটে যে ধরনের সহযোগিতা পাওয়া উচিত ছিল তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। আনান বলেন, একদিকে, সিরিয়াজুড়ে ক্রমবর্ধমান সহিংসতা, অস্ত্রের ঝনঝনানি আর অন্যদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাবনা অনুমোদনে অনৈক্যের কারণে তাকে দায়িত্ব ছাড়তে হয়েছে। বৃহস্পতিবার আলে্েপ্পাসহ সিরিয়াজুড়ে ১৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সরকার বিরোধী আন্দোলনকর্মীরা। আলেপ্পোয় সরকারি বাহিনীর প্রচণ্ড হামলার মধ্যেও শক্ত অবস্থান ধরে রাখার দাবি করেছে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)। আলে্েপ্পার ৫০ শতাংশেরও বেশি এলাকা তাদের দখলে বলে জানিয়েছে এফএসএ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৪৫ঘ.