সিরিয়া, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া সঙ্কট নিরসনে আন্তর্জাতিক দূতিয়ালী থেকে কফি আনানের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, আনান এবছর ৩১ আগস্ট তার দূতিয়ালীর মেয়াদ শেষের পর আর তা নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়েছেন।
আরব লিগের মহাসচিব এলআরাবির সঙ্গে আনান ইতোমধ্যে নতুন সিরিয়া শান্তিদূত নিয়োগ নিয়ে আলোচনাও শুরু করেছেন বলে জানান বান।
জাতিসংঘ-আরব লিগের বিশেষ দূত কফি আনান সিরিয়া সঙ্কট সমাধানে ছয় দফা শান্তি পরিকল্পনা দিয়েছিলেন। কিন্তু তার সে পরিকল্পনা পুরোপুরি মেনে নেয়নি সিরিয়ার বিবদমান কোনো পক্ষই। সিরিয়ার এখনো চলছে তুমুল সহিংসতা।
জটিল এ সিরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাসাধ্য চেষ্টা করার জন্য আনানকে শ্রদ্ধা জানিয়ে বান কি মুন বলেন, তাকে অত্যন্ত দুঃখের সঙ্গেই আনানের এ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে হচ্ছে।
তিনি আরো বলেন, সিরিয়ায় এখনো যে রক্তক্ষয় চলছে তা প্রতিদিন চলতে থাকলে সঙ্কট সমাধানের আশা সুদূর পরাহত হবে। এতে জনগণ আরো দুর্ভোগে পড়বে। বিপদে পড়বে গোটা অঞ্চল।
আনানের শান্তি পরিকল্পনায় সিরিয়া সরকারকে ভারী অস্ত্র ব্যবহার, মানবিক ত্রাণ সরবরাহের ব্যবস্থা করে দেওয়া, গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়া এবং আলোচনা ও কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানের প্রচেষ্টা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
সিরিয়ার জনগণের জন্য এ পরিকল্পনা এখনো সঙ্কট থেকে বেরিয়ে আসার সবচেয়ে ভালো পথ উল্লেখ করে বান বলেন, কিন্তু এ পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
সিরিয়ার পুরোদমে চলছে সহিংসতা। রাজধানী দামেস্কয় সরকারি বাহিনীর অভিযানে বুধবারও অন্তত ৩৫ জন নিহত হয়েছে।
সেনাদের গোলা হামলায় নিহতদের বেশির ভাগই নিরস্ত্র জনতা বলে জানিয়েছে স্থানীয় অধিবাসী ও আন্দোলনকর্মীরা।
‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, জেইদেত আরুজের ২৬ থেকে ৩৫ টি লাশ সনাক্ত করে দেখা গেছে তারা বেসামরিক নাগরিক।
আল সাল এলাকাতেও আরো মৃতদেহ আছে এবং সব মিলে নিহতের সংখ্যা অন্তত ৫০ জন হবে বলে জানিয়েছেন অন্য আরেক অধিবাসী।
ওদিকে, বিবিসি নিহতের সংখ্যা আরো বেশি ৭০ জন উল্লেখ করেছে। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টিভি বলছে, বহু সন্ত্রাসী এবং ভাড়াটে যোদ্ধা আত্মসমর্পণ করেছে এবং আরো অনেককে হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫২ঘ.
bdnews24