ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পাকিস্তানে রমজান উপলক্ষে টেলিভিশনে ধর্মীয় অনুষ্ঠান চলার সময় আগুনে পুড়ে আমন্ত্রিত চার অতিথি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয়জন। সেহরির সময় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।
সোমবার লাহোরের কোহ-ই-নূর টেলিভিশন চ্যানেলের স্টুডিওতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন ডটকম।
অনুষ্ঠানটি চলার সময় ভোর ৩ টা ৪৬ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ওমর ফারুক জানিয়েছেন, “আগুনে পুড়ে ধর্মীয় অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারী স্থানীয় চারজন অতিথি নিহত হয়েছেন, এছাড়া আরো নয়জন আহত হয়েছেন।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় চ্যানেলটির কর্মী ও অনুষ্ঠান পরিচালনার সঙ্গে জড়িত প্রায় ৪৫ জন সেখানে উপস্থিত ছিলেন। এদের অধিকাংশই জরুরি বহির্গমন পথ ব্যবহার করে বের হয়ে আসেন।
“প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেই মনে হচ্ছে। আরো তদন্ত চলছে,” বলেন ফারুক।
টেলিভিশন চ্যানেলটির কর্মকর্তা কামরান সরফরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০২৭ ঘ.
bdnews24