ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলেপ্পোয় হামলা চালানোর মাধ্যমে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ‘নিজের কফিনে পেরেক ঠুকছেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা।
পাঁচদিনের এক সফরে রোববার মধ্যপ্রাচ্যে রওয়ানা হওয়ার প্রাক্কালে তিনি এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।
প্যানেট্টা আরো বলেন, সিরিয়ার সঙ্কট গভীর হয়ে উঠেছে এবং নিজের শেষ পরিণতিকেই ত্বরান্বিত করেছেন প্রেসিডেন্ট আসাদ।
“তারা যদি নিজেদের নাগরিকদের ওপর এ ধরনের দুঃখজনক হামলা অব্যাহত রাখে তা হলে তা আসাদের কফিনে পেরেক ঠোকাই হবে বলে আমি মনে করি,” বলেন তিনি।
“নিজের জনগণের সঙ্গে আসাদ যা করেছেন আর যা করছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তার ক্ষমতার মেয়াদ ফুরিয়ে এসেছে। ক্ষমতায় থাকার সব ধরনের বৈধতা হারিয়েছেন তিনি।”
“তিনি ক্ষমতা হারাবেন কিনা তা এখন আর কোনো প্রশ্ন নয়, প্রশ্ন হলো তিনি কখন ক্ষমতা হারাচ্ছেন,” বলেন প্যানেট্টা।
মধ্যপ্রাচ্য সফরে প্যানেট্টা জর্দান, ইসরায়েল, মিশর ও উত্তর আফ্রিকার তিউনিসিয়া যাবেন।
আসাদকে ক্ষমতা থেকে সরাতে ও সিরিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে আন্তর্জাতিক ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন বলে জানান তিনি।
সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ কোনো ভুল পক্ষের হাতের গিয়ে যেন না পড়ে তা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলেও এ সময় জানান তিনি।
এদিকে, সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোয় সরকারী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের খবর পাওয়া গেছে। আলেপ্পো থেকে বিদ্রোহী যোদ্ধাদের হটাতে ব্যাপক অভিযান চালাচ্ছে সিরীয় সেনাবাহিনী।
জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভ্যালেরি অ্যামোস জানিয়েছেন, তীব্র লড়াইয়ের কারণে ২০ হাজার মানুষ শহরটি ছেড়ে পালিয়ে গেছে এবং অজানা সংখ্যক আটকা পড়েছে।
শহরটির আটকে পড়া বাসিন্দাদের জন্য জরুরি খাদ্য ও পানি সরবরাহ করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০০ ঘ.
bdnews24