ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে রাজধানী নয়া দিল্লিসহ উত্তর ভারতের আটটি রাজ্যের ৩০ কোটিরও বেশি মানুষকে বিদ্যুৎ বিহীন থাকতে হয়েছে। ভারতের রাজধানীতে বিদ্যুৎ ছিল না আট ঘণ্টা।
রোববার রাত থেকে এই বিপর্যয়ে দিল্লির মেট্রো রেল সার্ভিসও অচল হয়ে পড়েছিল। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।
এনডিটিভির খবরে বলা হয়, ভারতের উত্তরাঞ্চলীয় জাতীয় গ্রিড লাইনে সরবরাহ বন্ধ হয়ে যাওয়াই এ বিপর্যয়ের কারণ বলে ধারণা করা হচ্ছে।
পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, হিমাচল, জম্মু ও কাশ্মির, রাজস্থান ও দিল্লি এই বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে।
টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে বলা হয়, সোমবার দুপুরে ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে বলে ভারতের বিদ্যুৎ মন্ত্রী সুশীল কুমার জানিয়েছেন।
তিনি বলেন, “আমাদের বিদ্যুৎ ব্যবস্থা খুব ভাল, তাই এত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা গেছে। বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের চারদিন লেগেছিল।”
এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত দিল্লির মেট্রো রেল চালু করা যাবে না। ভুটান থেকে বাড়তি বিদ্যুৎ সরবরাহ করে তিন ঘন্টা পর মেট্রো রেল চলাচল আবার শুরু করা হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
বিদ্যুৎ বিপর্যয় শুরু পর থেকে সোমবার সকাল পর্যন্ত দিল্লির ট্র্যাফিক সিগন্যালের বাতিগুলো বন্ধ ছিল।
বিপর্যয়ের কারণে রেল চলাচলও ব্যহত হয়েছে। আগ্রা-মাথুরা লাইন ব্যবহার করতে না পারায় কোনো ট্রেন দিল্লি পৌঁছতে কিংবা দিল্লি থেকে বের হতে পারছিল না। এতে দিল্লির হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে হাজার হাজার ট্রেন যাত্রী আটকা পড়েছিল।
বিদ্যুৎ সরবরাহ কিছুটা স্বাভাবিক হলে ট্রেন চলাচল আবার শুরু হয়। প্রায় দুইশ’ ট্রেন নির্দিষ্ট সময়ের অনেক পরে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিদ্যুৎ না থাকার কারণে দিল্লির পানিশোধনাগারও কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখতে হয়েছে।
বিপর্যয়ের কারণে পুরো রাজস্থান প্রদেশ উত্তরাঞ্চলীয় জাতীয় গ্রিড লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সোমবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৪ ঘণ্টা প্রদেশটি পুরোপুরি বিদ্যুৎহীন অবস্থায় ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৫ ঘ.
bdnews24