২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাবারের তালিকার দাম ৬০ লাখ টাকা

টাইটানিক বলে কথা! জাহাজটির প্রথম ডিনারে প্রথম শ্রেণীর যাত্রীদের যে খাবার পরিবেশন করা হয়েছিল, নিলামে সেই খাবারের তালিকার দামই উঠেছে ৪৬ হাজার পাউন্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 05:38 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডুবে যাওয়া টাইটানিক থেকে উদ্ধার করা ৪শ’ উপকরণের নিলাম হয়েছে যুক্তরাজ্যের উইল্টশায়ারে। এতে টাইটানিকের প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য পরিবেশিত প্রথম ডিনারের তালিকাটি বিক্রি হয়েছে প্রায় ৬০ লাখ টাকায় (৪৬ হাজার পাউন্ড)। টাইটানিকডুবির একশ’ বছর পূর্তি উপলক্ষ্যে এ নিলামের আয়োজন করা হয় বলে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়। ওই সময়ের বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক প্রথম যাত্রায়ই উত্তর আটলান্টিক মহাসাগরে ভাসমান হিমশৈলের আঘাতে ডুবে যায়। তারিখটি ছিল ১৪ এপ্রিল, ১৯১২। এতে জাহাজের প্রায় আড়াই হাজার যাত্রীর মধ্যে দেড় হাজারেরও বেশি যাত্রী মারা যায়। রোববার নিলামে ওঠা তালিকাটিতে খাবারের পদ হিসেবে ছিল হাসের রোস্ট, বাচ্চা গরুর মাংসের পদ, ফ্রেঞ্চ আইসক্রিম ও বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। যাত্রা শুরুর পর প্রথম ডিনারে এসব খাবার পরিবেশন করা হয়েছিল। তালিকায় তারিখ দেওয়া আছে ১০ এপ্রিল, ১৯১২। এর তিনদিন পরই দুর্ঘটনায় পড়ে ডুবে যায় জাহাজটি। নিলামকারী প্রতিষ্ঠান ‘হেনরি আলড্রিজ অ্যান্ড সন অকশনার’ এর অ্যান্ডু আলড্রিজ বলেন, “টাইটানিকের স্মারকগুলোর মধ্যে খাবারের তালিকাগুলোর চাহিদা সবচেয়ে বেশি।” টাইটানিকে প্রথম শ্রেণীর স্টুয়ার্ড চার্লস ক্যাসওয়েলের সম্পদ ছিল তালিকাটি। জাহাজটি কুইন্সটাউনে থামার পর নিজের স্ত্রী হিলডাকে তালিকাটি উপহার হিসেবে পাঠিয়ে ছিলেন সেই সময় ৩৪ বছর বয়সী চার্লস। এরপরই জাহাজডুবিতে মৃত্যু হয় তার। নিলামে ওঠা বিভিন্ন স্মারকের মধ্যে একটি সোনার মেডালও ছিল। টাইটানিকের যাত্রীদের উদ্ধারকারী জাহাজ কার্পেথিয়ার সেকেন্ড অফিসার জেমস বিসেটকে দেওয়া হয়েছিল সেটি। নিলামে মেডালটির দাম ওঠে ৪১ হাজার পাউন্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৩৪ ঘ.