দোহা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার বিদ্রোহীদেরকে সীমান্তবর্তী একটি শহর থেকে গুরুত্বপূর্ণ সামরিক, যোগাযোগ ও পরিবহন সহায়তা দিতে মিত্র দেশ সৌদি আরব এবং কাতারকে নিয়ে একটি গোপন ঘাঁটি গেড়েছে তুরস্ক।
মধ্যপ্রাচ্য পরিচালিত গোপন এই ঘাঁটিকে বলা হচ্ছে ‘নার্ভ সেন্টার’। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের লক্ষ্যে কেন্দ্রটি পরিচালিত হচ্ছে।
সিরিয়া সীমান্ত থেকে ১শ’ কিলোমিটার দূরে তুরস্কের দক্ষিণাঞ্চলে আদানা শহরে অবস্থিত এ ঘাঁটিটি সামরিকভাবে নিয়ন্ত্রণ করছে তুরস্ক। ঘাঁটি পরিচালনার মূল ভূমিকায় রয়েছে তুরস্ক। আর এর সহযোগীর ভূমিকায় আছে সৌদি আরব এবং কাতার।
যুক্তরাষ্ট্র যে এ পর্যন্ত সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ এড়িয়ে চলেছে গোপন ঘাঁটির এ খবর থেকেই তা স্পষ্ট।
সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ আল-সৌদ তুরস্ক সফরের সময় এ ঘাঁটি গাড়ার প্রস্তাব দেন। সঙ্গে সঙ্গেই প্রস্তাবটি লুফে নেয় তুরস্ক। কার্যক্রম পরিচালনার সুবিধার কথা বিবেচনা করে আদানাতেই ঘাঁটি গাড়ার সিদ্ধান্ত হয়।
তবে এ ঘাঁটির কার্যক্রমের ব্যাপারে মন্তব্যের জন্য সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আদানায় তুরস্ক-যুক্তরাষ্ট্রের বিশাল ইনসারলিক বিমান ঘাঁটির অবস্থান। যুক্তরাষ্ট্র অতীতে গোয়েন্দা ও সামরিক কর্মকাণ্ডে ঘাঁটিটি ব্যবহার করেছে।
সিরিয়া-বিরোধী তুরস্কের গোপন ‘নার্ভ সেন্টার’ এই ইনসারলিক ঘাঁটির ভেতরেই কিনা তা পরিস্কার জানা যায়নি।
দোহার এক সূত্র জানিয়েছে, তুরস্ক, কাতার এবং সৌদি আরব সিরীয় বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে। তবে আঙ্কারা অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে।
সূত্র আরো জানায়, তুরস্ক নজরদারি আরো বাড়ানোর চেষ্টা করছে এবং ওয়াশিংটনের কাছে চালক বিহীন বিমানসহ পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়েছে।
তবে যুক্তরাষ্ট্র সিরিয়া সরকারের পতনে কূটনৈতিক প্রচেষ্টাকে বেশি গুরুত্ব দেওয়ায় সামরিক তৎপরতার দিকটিতে তেমন আমল দিচ্ছে না।
রয়টার্সের এক খবরে অবশ্য বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সহযোগীরা সিরিয়ার বিদ্রোহীদের গোপনে সহায়তা দেওয়ার জন্য একটি খসড়া প্রস্তাবনা এনেছেন।
তবে বিদ্রোহীদেরকে অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়টি এখনো এ প্রস্তাবে নেই।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৪ঘ.
bdnews24