২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বো জিলাইয়ের স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ

চীনে চংকিং পার্টি প্রধানের পদ থেকে অপসারিত শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইয়ের স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

বেইজিং, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে চংকিং পার্টি প্রধানের পদ থেকে অপসারিত শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইয়ের স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। জিলাইয়ের স্ত্রী গু কাইলাই এবং তার পরিবারের এক কর্মচারি ঝাং ঝিয়াওজুন ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেউডকে বিষ প্রয়োগে হত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। স¤প্রতি চীনের একটি আদালতে এ দু’জন বিচারের মুখোমুখিও হয়েছেন বলে জানিয়েছে সিনহুয়া। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। হেউডকে খুনের সঙ্গে জড়িত সন্দেহে কাইলাইকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। ২০১১ সালের ১৫ নভেম্বরে চংকিং এর হোটেলে হেউডকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় কর্মকর্তারা প্রথমে অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যুর কথা জানালেও এপ্রিলে সরকার এক ঘোষণায় জানায়, এ ঘটনায় বো জিলাইয়ের স্ত্রী জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চীনের শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইকে এ বছর মার্চে চংকিং এর কমিউনিস্ট পার্টি প্রধানের পদ থেকে অপসারণ করা হয় এবং পরের মাসে সরিয়ে দেওয়া হয় চীনের পলিটব্যুরো থেকে। এ বছরের শেষ দিকে চীনের শীর্ষ নেতৃত্বে পালাবদল হওয়ার কথা রয়েছে। এ পালাবদলে শীর্ষ পর্যায়ে পদোন্নতি পাওয়ার সম্ভাব্য প্রার্থী ছিলেন জিলাই। জিলাইয়ের সাবেক পুলিশ প্রধান ও চংকিংয়ের ডেপুটি মেয়র ওয়াং লিজুন মার্কিন কনস্যুলেটে একদিন কাটিয়েছেন বলে গুঞ্জন উঠলে কেলেঙ্কারির মুখে পড়েন তিনি। ওয়াং সরকার পক্ষ ত্যাগ করতে চেয়েছিলেন বলে গুঞ্জন ওঠে। এ ব্যাপারে দীর্ঘদিন নীরব থাকার পর জিলাই বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৮১৭ঘ.