বৈরুত, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার আলেপ্পোয় সর্বাত্মক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সরকার ও বিদ্রোহীপক্ষ। রক্তক্ষয় বন্ধে নিরাপত্তা পরিষদের মাধ্যমে অবিলম্বে ব্যবস্থা নিতে চীন ও রাশিয়াকে আহ্বান জানিয়েছে ফ্রান্স। (আরো তথ্যসহ)
বড় ধরনের লড়াইয়ে নামার প্রস্তুতিতে আলেপ্পোর বিদ্রোহীরা গোলাবারুদের মজুদ, চিকিৎসা সরবরাহ বাড়াচ্ছে। ওদিকে, হামা এবং তুরস্ক সীমান্তবর্তী ইদলিব প্রদেশ থেকে আলেপ্পোর কাছে পৌঁছে গেছে সারি সারি সরকারি ট্যাংক ও সেনা। নগরীর বাইরে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে তারা।
আলেপ্পোয় প্রায় এক সপ্তাহ ধরেই চলে আসছে রাস্তায় রাস্তায় সংঘর্ষ। বিদ্রোহীরা তাদের দখল করা এলাকাগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। দলে আরো বেশি যোদ্ধা, গোলাবারুদ বাড়িয়ে অবস্থান আরো শক্তিশালী করছে তারা।
কিন্তু তাদের ওপর সরকারি বাহিনীর অভিযান থেমে নেই। অবিরাম চলছে গোলা, মর্টার ও হেলিকপ্টার হামলা।
তার ওপর সরকারি বাহিনী আরো শক্তি নিয়ে এগিয়ে আসতে থাকায় আলেপ্পোকে ভয়াবহ রক্তক্ষয় থেকে বাঁচাতে এ মুহূর্তেই কিছু একটা করার জন্য চীন ও রাশিয়াকে আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।
ওয়ারশ সফরকালে আলেপ্পো পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বিশ্বের দেশগুলোসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের একযোগে এগিয়ে এসে তাদের দায়িত্ব পালন করা উচিত।”
চীন ও রাশিয়ার উদ্দেশে তিনি বলেন, “শেষ পর্যন্ত তারা আর্তনাদে কান দেবে বলেই আমরা আশা করি। রক্তক্ষয় বন্ধে এ আর্তনাদ কেবল সিরিয়ার জনগণের নয় বরং আরব দেশগুলোসহ গোটা বিশ্বের।”
এক সংবাদ সম্মেলনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “সিরিয়া থেকে আসা খবরে দেখা যাচ্ছে, হত্যাযজ্ঞের হোতা আল আসাদ এ তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তিনি কেবলই হত্যা আর হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছেন। আজ হোক কাল হোক তার পতন হবেই।”
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ‘সন্ত্রাসী চক্র’ নির্মূলের নামে বিদ্রোহ দমনাভিযান চালিয়ে যাচ্ছেন।
আলেপ্পোয় গত কয়েকদিন ধরেই সরকার ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে। এ নগরীর অর্ধেকের দখল এখনো বিদ্রোহীদের হাতে বলে জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনকর্মীরা। তবে এ দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযানে বৃহস্পতিবার সকালেও সালাহেদ্দিন এবং মাসাদ নামক দু’টি এলাকায় গোলা হামলা হয়েছে। আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। আলেপ্পো এবং এর আশেপাশে বুধবারের লড়াইয়ে ২৪ জন নিহত হয়েছে।
এ পরিস্থিতিতে আরো হাজার হাজার সরকারি সেনা আলেপ্পোয় পৌঁছে সর্বাত্মক অভিযান শুরু করলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ, বিদ্রোহীদের পর্যাপ্ত অস্ত্র নেই।
ফলে আলেপ্পোর লড়াই শেষ পর্যন্ত দামেস্কের লড়াইয়ের পরিণতি ডেকে আনতে পারে। যেখানে বিদ্রোহীরা বিশাল এলাকা দখল করে নেওয়ার পরও সরকারি বাহিনীর আক্রমণের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে।
দামেস্ক এবং আলেপ্পো দুইই সরকারের ক্ষমতার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। আর সেকারণেই এ দুটি জায়গায় সরকার সর্বশক্তি দিয়ে বিদ্রোহীদের পরাস্ত করতে তৎপর হয়েছে। আলেপ্পোয় মঙ্গলবার প্রথম জঙ্গি বিমান হামলা চালায় সেনারা।
বৃহস্পতিবার সেনারা রাস্তা দিয়ে গুলিবর্ষণ করতে করতে এগুচ্ছে বলে খবর পাওয়া গেছে। সেনাদের গোলাগুলির মুখে বিদ্রোহীদের পিছু হটার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে তারা এও বলছেন, সরকারি সেনাদের সর্বাত্মক অভিযান শুরু হলে বিদ্রোহীরা গেরিলা হামলার আশ্রয় নিয়ে লড়ে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৫৫১ঘ.
bdnews24