২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বুলগেরিয়ায় বাসে হামলার ঘটনায় ইসরায়েলই দায়ী’

গত সপ্তাহে বুলগেরিয়ায় একটি বাসে চালানো আত্মঘাতী বোমা হামলার জন্য এবার পাল্টা ইসরায়েলকেই দায়ী করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মোহাম্মদ খাজায়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 06:50 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

জাতিসংঘ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত সপ্তাহে বুলগেরিয়ায় একটি বাসে চালানো আত্মঘাতী বোমা হামলার জন্য এবার পাল্টা ইসরায়েলকেই দায়ী করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মোহাম্মদ খাজায়ি। বুধবার নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য বিষয়ে এক বৈঠকে তিনি বলেন, “সন্ত্রাসী হামলার অল্প কয়েক মিনিট পরেই ইরান এটা ঘটিয়েছে বলে ঘোষণা দেন ইসরায়েলের কর্মকর্তারা। এটা খুবই বিস্ময়কর। নিরীহ জনগণের ওপর এ ধরনের ভয়াবহ হামলা আমরা কখনই চালাইনি এবং চালাবোও না।” খাজায়ি বলেন, “ক্ষুদ্র রাজনৈতিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম ও হত্যাকাণ্ড চালানোর ইতিহাস যাদের রয়েছে তারাই কেবল এ ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করতে ও হামলা চালাতে পারে। গত কয়েক দশকে এ সরকার যে তাদের নিজেদের নাগরিক ও ইহুদি জনগণকে হত্যা করেছে তার বেশ কিছু উদাহরণও আমি দিতে পারব।” এদিকে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি হেইম ওয়াক্সম্যান জানান, সারাবিশ্বে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ঘটা অন্যান্য ঘটনার মতোই বুলগেরিয়ার বোমা হামলার ক্ষেত্রে ইরানের হাতের ছাপ পাওয়া গেছে। এক বিবৃতিতে তিনি বলেন, “এ ধরনের মন্তব্য বিস্ময়কর হলেও ৯/১১ এর হামলাকে যারা ষড়যন্ত্রের তত্ত্ব হিসেবে মনে করে এবং গণহত্যাকে অস্বীকার করে তেমন সরকারের পক্ষে এমন মন্তব্য করা অস্বাভাবিক নয়।” গত সপ্তাহে বুলগেরিয়ার বুরগাস বিমানবন্দরে পার্কিং এলাকায় একটা বাসে চালানো আত্মঘাতী বোমা হামলায় বোমা হামলাকারী ও বাসচালকসহ ইসরায়েলের পাঁচ পর্যটক মারা যায়। এতে আহত হয় ৩০ জনেরও বেশি। এ ঘটনার জন্য ইরান ও লেবাননের ইসলামি সংগঠন হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৭ ঘ.