২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ড্রোন হামলায় ১২ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আফগান সীমান্তবর্তী জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ করে চালানো যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় অন্ততপক্ষে ১২ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 03:31 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

মিরানশা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আফগান সীমান্তবর্তী জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ করে চালানো যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় অন্ততপক্ষে ১২ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। সোমবার এই হামলা চালানো হয় বলে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির উত্তর ওয়াজিরিস্তানের পার্বত্য এলাকার শাওয়াল অঞ্চলে ড্রোন থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়। এই হামলায় সন্দেহভাজন দুই জঙ্গি আহত হয়েছে বলেও কর্মকর্তারা জানান। শাওয়াল অঞ্চলটিকে দীর্ঘদিন ধরেই জঙ্গিদের নিরাপদ আস্তানা বলে মনে করা হয়। ভৌগলিকভাবে দুর্গম এই অঞ্চলটিতেই আফগান ও পাকিস্তানের জঙ্গিরা আশ্রয় নিয়ে আছে বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বিতর্কিত ড্রোন প্রকল্প এক গুরুত্বপূর্ণ অস্ত্র। যদিও এই ড্রোন কার্যক্রম পাকিস্তানে ভীষণভাবে অজনপ্রিয়। দেশটিতে ড্রোন হামলার বিষয়টিকে সার্বভৌমত্বের লঙ্ঘণ বলে বিবেচনা করে অধিকাংশ মানুষ। যুক্তরাষ্ট্রের এই ড্রোন হামলায় অনেক সাধারণ পাকিস্তানিও প্রাণ হারিয়েছেন। তবে নানা বিতর্ক ও বিরোধিতার পরও এখনো পাকিস্তানে ড্রোন অভিযান কার্যক্রম বন্ধের কোনো আভাস দেয়নি যুক্তরাষ্ট্র। ওবামা প্রশাসন দূরনিয়ন্ত্রিত চালকবিহীন বিমান হামলা আন্তর্জাতিক আইন মান্য করেই চালানো হচ্ছে বলে দাবি করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯২৭ ঘ.