২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ার রাসায়নিক অস্ত্র হিজবুল্লাহ’র দখলে যেতে পারে’

সিরিয়ার সংকটের কারণে সরকারের পতন ঘটলে তাদের হাতে থাকা রাসায়নিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের মজুদ লেবাননের ইসলামিক সংগঠন হিজবুল্লাহ’র হাতে চলে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ওয়াশিংটন, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সংকটের কারণে সরকারের পতন ঘটলে তাদের হাতে থাকা রাসায়নিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের মজুদ লেবাননের ইসলামিক সংগঠন হিজবুল্লাহ’র হাতে চলে যেতে পারে। আর এ বিষয়টিকে নিজ দেশের জন্য ‘মহা হুমকি’ হিসেবে মনে করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার যুক্তরাষ্ট্রের ‘ফক্স নিউজ সানডে’ টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাতকারে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি। নেতানিয়াহু বলেন, “হিজবুল্লাহ বা অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে রাসায়নিক অস্ত্র যাক তা আমরা কখনই চাই না। এটা বড় ধরনের একটা হুমকি।” এক্ষেত্রে ইসরায়েল নিজেই কোনো পদক্ষেপ নেবে নাকি যুক্তরাষ্ট্রের সহায়তা চাইবে- জানতে চাইলে তিনি বলেন, “আমাদের নিজেদেরই কোনো পদক্ষেপের বিষয়টি বিবেচনা করতে হবে।” গত সপ্তাহে বুলগেরিয়ায় চালানো আত্মঘাতীয় বোমা হামলার জন্য আবারো ইরান ও হিজবুল্লাহকে দায়ী করেছেন নেতানিয়াহু। হামলায় ইসরায়েলের পাঁচ পর্যটক মারা যায়। ইরান অবশ্য এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক শুক্রবার জানান, সিরিয়ার ক্ষেপণাস্ত্র বা রাসায়নিক অস্ত্র যাতে হিজবুল্লাহ’র হাতে না যায় তা নিশ্চিত করতে প্রয়োজনে সামরিক পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে। এদিকে সিএনএন’র ‘স্টেট অব দ্য ইউনিয়ন উইদ ক্যান্ডি ক্রাউলি’ অনুষ্ঠানে মার্কিন সিনেটর জন ম্যাককেইন জানান, ইসরায়েলের এ উদ্বেগ ছাড়াও আরো একটা ঝুঁকি থেকে যায়। আর সেটা হলো সিরিয়ার সরকার এসব অস্ত্র তাদের বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ২০০৬ সালে লেবাননের দক্ষিণাঞ্চলে কয়েক হাজার স্বল্প মাত্রার রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আর এ সংগঠনটি অতীতে সিরিয়া ও ইরানের কাছ থেকে সামরিক ও আর্থিক সহায়তাও পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩৮ ঘ.