ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের বিধানসভা নির্বাচনে তার দল আর জোটের সঙ্গে নয় এককভাবে নির্বাচনে অংশ নেবে।
শনিবার কলকাতায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের এক সমাবেশে দলটির প্রধান মমতা বলেন, “আমরা নির্বাচনে এককভাবে লড়বো। কারো ইচ্ছায় বা কংগ্রেসের কারণে আমরা এ সিদ্ধান্ত নিইনি।
“বাংলায় আমরা এককভাবে লড়বো। কংগ্রেস আমাদের সঙ্গে থাকুক তা আমরা চাই। কিন্তু তারা প্রতিদিনই বিভিন্ন বন্তব্যে আমাদের আক্রমণ করছে। তৃণমূল কংগ্রেস এটা মেনে নেবে না। তাই আমরা এককভাবে লড়বো।”
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) অন্যতম শরিক দল তৃমূল কংগ্রেস। দলটির চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সা¤প্রতিক সময়ে কয়েকটি বিষয়ে কংগ্রেসের মতবিরোধ দেখা দেয়।
ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ইউপিএ জোটের মনোনীত প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করা নিয়ে কংগ্রেসের সঙ্গে মমতার মতবিরোধ শুরু হয়। অবশ্য শেষ পর্যন্ত প্রণবের প্রতিই সমর্থন জানান মমতা।
পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ না থাকলেও কেন্দ্রীয় সরকারে কংগ্রেসের সঙ্গে থাকার কথা বলেছেন মমতা।
“দিল্লিতে আমরা ইউপিএ জোটের শরিক এবং আমরা এ জোটে থাকবো,” বলেন তিনি।
১৯৯৩ সালের ২১ জুলাই কলকাতায় পুলিশের গুলিতে যুব কংগ্রেসের ১৩ কর্মী নিহত হয়। এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে এসব বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২৫৪ ঘ.
bdnews24