পারাচিনার, পাকিস্তান, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি তল্লাশি চৌকিতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ৭ জন নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া উত্তরপশ্চিমাঞ্চলে একটি বাড়িতে এক বোমা বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন ।
শনিবারের এই দুটি ঘটনায় আহত হয়েছেন আরো ২২ জন। সরকারী কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা ও ডন নিউজ সূত্রে এসব খবর জানা গেছে।
তবে বোমা বিস্ফোরণের ঘটনাটি আত্মঘাতী হামলা না কোনো দূর্ঘটনা তা নিশ্চিত করতে পারেননি তারা।
প্রথম ঘটানাটি ঘটে বেলুচিস্তান প্রদেশের গুয়াদরে কোস্টগার্ডের একটি তল্লাশি চৌকিতে।
প্রত্যক্ষর্দর্শীরা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নিয়মিত দায়িত্বপালনকালে অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। মটরসাইকেলে আসা বন্দুকধারীরা তল্লাশি চৌকিটি লক্ষ্য করে রকেটও নিক্ষেপ করে।
ঘটনাস্থলেই ছয় নিরাপত্তরক্ষীর মৃত্যু হয়। আহত হয় আরো তিনজন। হাসপাতালে নেওয়ার পর অপর একজনের মৃত্যু হয়।
হামলার পরপরই বন্দুকধারীরা দ্রুত স্থান ত্যাগ করে। বন্দুকধারীদের খোঁজে এলাকাটি ঘেরাও দিয়ে তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা।
উত্তরপশ্চিমাঞ্চলের ওরাকজাই ক্ষুদ্র নৃ- গোষ্ঠি অধ্যুষিত অঞ্চলের স্পিন তাল গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। স্থানীয় একটি রক্ষীবাহিনী বাড়িটি তাদের দপ্তর ও বাসভবন হিসেবে ব্যবহার করতো। পাকিস্তান সেনাবাহিনী গত কয়েকমাস ধরে এই এলাকার জাঙ্গিগোষ্ঠিগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “কোনো আত্মঘাতী হামলাটি চালিয়েছে কিনা বা কোনো জঙ্গি বোমা বানানোর সময় সেটি বিস্ফোরিত হয়েছে তা নিশ্চিত হতে পারিনি আমরা।”
আহতদের নিকটবর্তী হাঙ্গু জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের এক কর্মকর্তা।
উত্তরপশ্চিম পাকিস্তানের আধাস্বায়ত্বশাসিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি অধ্যুষিত এলাকায় পাকিস্তানী তালেবানসহ কয়েকটি জঙ্গি গোষ্ঠি সক্রিয়। এলাকাটির একপাশ জুড়ে আফগান-পাকিস্তান সীমান্ত এলাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৭১৩ ঘ.
bdnews24