ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রুনেই-এ সেনা ক্যাডেটদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বিবিসি এ খবর জানায়।
জানা গেছে, সেনা ক্যাডেটরা প্রশিক্ষণ শিবির থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেল ২১২ হেলিকপ্টারটি রাজধানীর উদ্দেশে যাওয়ার পথে উলু বেলাইত এ দুর্ঘটনার শিকার হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, দুই ব্যক্তি এখনো নিখোঁজ এবং আরো দুইজন আহত হয়েছেন। তাদের রাজা ইস্তেরি পেঙ্গিরান আনাক সালেহা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশটির সুলতান হাসানাল বলকিয়া জীবিত দুই সেনা ক্যাডেটকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে তার কারণ এখনো পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৫ ঘ.
bdnews24