দামেস্ক, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সঙ্গে থাকা তুরস্ক ও ইরাকের সীমান্ত এলাকা নিজেদের দখলে নিয়েছে দেশটির বিদ্রোহীরা।
ইরাকের ঊর্ধ্বতন এক কমকর্তা জানান, সিরিয়ার পূর্বাঞ্চলীয় সব ক’টি ক্রসিং দখল করা হয়েছে। এমনকি তুরস্কের সীমান্তে দুটি পোস্টও এখন সিরিয়ার বিদ্রোহীদের দখলে রয়েছে।
বৃহস্পতিবার দামেস্কে বোমা হামলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন তিন কর্মকর্তার নিহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটল।
বিদ্রোহীরা জানায়, সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর সিরিয়ায় পূর্বাঞ্চলীয় ইউফ্রেটিস নদীর আবু কালাম ক্রসিং দখল করা হয়েছে। আর তুরস্ক সীমান্তে বব আল-হাওয়া ও জারাব্লুস পোস্টও বিদ্রোহীদের দখলে রয়েছে।
ইরাকের সরকার অবশ্য ইতোমধ্যেই সিরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের হুমকি দিয়েছে। আর দেশটির এক কর্মকর্তা রয়টার্সকে জানান, আবু কালাম ক্রসিং বন্ধ করে দেওয়া হচ্ছে।
গত চারদিন ধরেই সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে।
সিরিয়া সরকারের তিন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর শহর থেকে বিদ্রোহীদের হঠাতে সরকারি সেনাবাহিনীকে বিভিন্ন অবস্থানে বসানো হচ্ছে। এছাড়া দামেস্কর কেন্দ্রীয় অঞ্চলের কাছাকাছি এলাকায় ট্যাঙ্ক ও সাঁজোয়া যানও পাঠানো হয়েছে।
লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বৃহস্পতিবার সারা দেশে ২৫০টি হতাহতের ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৫৯ ঘ.
bdnews24