কুন্দুজ, আফগানিস্তান, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক বোমা হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন আফগানিস্তানে শিক্ষামন্ত্রী ওবায়দুল্লাহ ওবায়িদ। তবে মন্ত্রীর দুজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।
বাঘলানের প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, রোববার বাঘলান থেকে কুন্দুজ প্রদেশে যাওয়ার সময় শিক্ষামন্ত্রীর গাড়ি বহরে বোমা হামলাটি চালানো হয়।
এটি গত তিনদিনে শীর্ষ আফগান কর্মকর্তাদের ওপর চালানো তৃতীয় হামলা।
শিক্ষামন্ত্রীর সফরসঙ্গী বাঘলান প্রদেশের গভর্নর মুন্সি মজিদ জানান, প্রধান সড়ক ধরে চলার সময় রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা তাদের বহরের একটি গাড়িকে আঘাত করে। বাঘলান শহর ছেড়ে আসার কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি ঘটে।
“শিক্ষামন্ত্রী অক্ষত আছেন। হামলায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন,” বলেন তিনি।
রোববারের এ হামলার মাত্র একদিন আগে শনিবার উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশে বিয়ের অনুষ্ঠানে এক আত্মঘাতী হামলায় এক শীর্ষ আফগান রাজনীতিকসহ ২৩ জন নিহত হন।
এছ্ড়াা, পূর্ব আফগানিস্তানে শুক্রবার এক গাড়িবোমা হামলায় নারী বিষয়ক মন্ত্রণালয়ের এক আঞ্চলিক প্রধান নিহত হন।
আফগানিস্তানের উত্তরাঞ্চলকে অপেক্ষাকৃত নিরাপদ মনে করা হলেও বিদ্রোহী জঙ্গিরা তাদের ঐতিহ্যগত এলাকা দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে এখন উত্তরাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।
২০০১ সালে ক্ষমতা থেকে তালেবানদের উচ্ছেদ করার পর থেকে চলতি বছর আফাগানিস্তানে সবচেয়ে সহিংস অবস্থা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী তালেবান উচ্ছেদে নেতৃত্ব দিলেও ২০১৪ সালে তাদের আফগানিস্থান ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪১০ ঘ.
bdnews24