ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনান বলেছেন, সিরিয়ার ত্রেমসেহ গ্রামে নির্বিচার হত্যাকাণ্ডের খবরে তিনি ‘হতভম্ব এবং শোকাহত’।
সেনাবাহিনী এবং সরকারপন্থি মিলিশিয়ারা বৃহস্পতিবার ওই গ্রামে দু’শো মানুষকে হত্যা করে বলে জানিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলকর্মীরা। সিরিয়া সরকার এ ঘটনার জন্য ‘সন্ত্রাসী গোষ্ঠী’গুলোকে দায়ী করেছে।
কিন্তু হত্যাকাণ্ডে ২শ’ মানুষের মৃত্যুর আন্দোলনকারীদের দাবি সত্য হলে সিরিয়ায় ১৬ মাসের অস্থিরতায় এটিই হবে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা।
নৃশংস এ ঘটনায় প্রতিক্রিয়া প্রকাশ করে আনান বলেন, “হামার কাছে ত্রেমসেহ গ্রাম থেকে আসা সহিংসতার খবরে আমি হতভম্ব, শোকাহত। ওই অঞ্চলে তুমুল লড়াই, হতাহতের ঘটনা, ভারী অস্ত্র, ট্যাংক, হেলিকপ্টার হামলা এবং গোলাবর্ষণের খবর আসছে।”
সিরিয়া সরকার ছয়দফা শান্তি প্রস্তাব লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন আনান।
তিনি বলেন, “জনবহুল এলাকায় ভারী অস্ত্র ব্যবহার করে সরকার ছয়দফা শান্তি পরিকল্পনার আওতায় এ ধরনের অস্ত্র ব্যবহার বন্ধের প্রতিশ্র“তি ভঙ্গ করছে।”
হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করতে জাতিসংঘ পর্যবেক্ষকরা ত্রেমসেহ গ্রামে যেতে প্রস্তুত বলেও জানান তিনি।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ অবিলম্বে জাতিসংঘ পর্যবেক্ষকদেরকে অবাধে ত্রেমসেহ গ্রামে ঢুকতে দেওয়া এবং ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করতে দেওয়ার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার হামার সুন্নি অধ্যুষিত ওই গ্রামে হত্যাকাণ্ডের কথা জানায় ‘দ্য রেভল্যুশন লিডারশিপ কাউন্সিল অব হামা’।
হেলিকপ্টার গানশিপ দিয়ে বোমবর্ষণের মধ্য দিয়ে হামলার শুরু। তারপর ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হয়। এরপর সরকার সমর্থিত আলাউয়িতি মিলিশিয়ারা গ্রামটিতে ঢুকে তখনো বেঁচে থাকা লোকজনকে ধরে ধরে হত্যা করে।
সুন্নি সংখ্যাগরিষ্ঠ সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরাতে গত ১৬ মাস ধরে আন্দোলন করে আসছে বিরোধী পক্ষগুলো। প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশের মাধ্যমে আন্দোলন শুরু হলেও সরকারের দমনপীড়নে এক সময় তা বিদ্রোহের রূপ নেয়।
“ত্রেমসেহতে ২২০ জনেরও বেশি লোককে হত্যা করা হয়েছে। হেলিকপ্টারের বোমাবর্ষণে, ট্যাংক থেকে গোলাবর্ষণে ও বাকীদের সামনাসামনি হত্যা করা হয়,” এক বিবৃতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে রেভল্যুশনারি কাউন্সিল।
জাতিসংঘের হিসাবমতে, গত ১৬ মাস ধরে চলা সিরিয়ার সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯৪১ঘ.
bdnews24