২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবল বৃষ্টিপাতে জাপানে ১৭ জনের মৃত্যু, নিখোঁজ ২০

প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কায়ুশু দ্বীপে অন্তত ১৭ জন মারা গেছেন। এতে নিখোঁজ হয়েছেন ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 08:19 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কায়ুশু দ্বীপে অন্তত ১৭ জন মারা গেছেন। এতে নিখোঁজ হয়েছেন ২০ জন। পরিস্থিতি বিবেচনায় ৫০ হাজার লোককে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । জাপানের সরকারী কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার এনডিটিভি এ খবর জানিয়েছে। ভূমিধস ও পানির তোড়ে ঘরবাড়ি ভেসে যাওয়ার ঘটনায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে কায়শু দ্বীপের কুমামোতো জেলার জরুরি বিভাগের কর্মীরা কাজ শুরু করেছেন। ভূমিধসে ও পানির তোড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় সেনা মোতায়েন করা হয়েছে। দ্বীপটির কোনো কোনো এলাকায় মাত্র এক ঘণ্টায় ১শ’ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের এক মুখপাত্র বলেন, “বিশেষভাবে কুমামোতো ও ওয়িতা জেলায় স্মরণকালের সবেচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।” বার্তা সংস্থা কাইয়োডো নিহতের সংখ্যা ১৭ জন বলে জানিয়েছে। নিহতদের অধিকাংশই পানিরা তোড়ে ভেঙে পড়া ঘরবাড়ির নিচে চাপা পড়ে মারা গেছেন। এছাড়া নিখোঁজ অধিকাংশ লোক পানির তোড়ে ভেসে যাওয়া ঘরের মধ্যে ছিলেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কুমামোতো জেলার এক সরকারি মুখপাত্র। ১৭ হাজার পরিবারকে তাদের বাড়ি ছেড়ে আসার নির্দেশ দিয়েছেন কুমামোতো জেলা কর্তৃপক্ষ। এছাড়া আরো প্রায় ৫ হাজার পরিবারকে নিরাপদ কোথাও আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়িতা জেলায় বাড়ি ছাড়ার নির্দেশ পেয়েছেন প্রায় ১৫ হাজার পরিবার আর নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আরো প্রায় ১০ হাজার পরিবারকে। দু’টি জেলার প্রায় ৫০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। দুর্যোগকবলিত লোকজনকে পূর্ণ ত্রাণ সহযোগিতা দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৩ ঘ.