আম্মান/ বৈরুত, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হামায় সরকারি বাহিনীর হামলায় ২শ’রও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে সরকারবিরোধী আন্দোলনকারীরা। দাবিটি সত্য হলে গত ১৬ মাসের অস্থিরতায় এটি হবে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা।
বৃহস্পতিবার হামার সুন্নি অধ্যুষিত গ্রাম তারামসেহে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ‘দ্য রেভ্যুলিউশন লিডারশিপ কাউন্সিল অব হামা’।
হেলিকপ্টার গানশিপ দিয়ে বোমা বর্ষণের মাধ্যমে হামলা শুরু করা হয়। তারপর ট্যাংক থেকে গোলা বর্ষণ করা হয়। এরপর সরকার সমর্থিত আলাউয়িতি মিলিশিয়ারা গ্রামটিতে ঢুকে তখনো বেঁচে থাকা লোকজনদের ধরে ধরে নির্বিচারে হত্যা করে।
“তারামসেহে আজ ২২০ জনেরও বেশি লোককে হত্যা করা হয়েছে। হেলিকপ্টারের বোমাবর্ষণে, ট্যাংক থেকে গোলাবর্ষণে ও বাকিদের সামনাসামনি হত্যা করা হয়,” এক বিবৃতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে রেভ্যুলিউশনারি কাউন্সিল।
রাষ্ট্রীয় টেলিভিশনে তারামসেহ গণহত্যার জন্য “সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী”কে দায়ী করা হয়েছে। এখানে লড়াইয়ে তিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
হত্যাকাণ্ড শুরু হওয়ার আগেই তারামসেহের এক সরকারবিরোধী আন্দোলনকারী ফাদি সামেহ এলাকাটি ছেড়ে আসেন।
এলাকার সঙ্গে এখনও যোগাযোগ আছে বলে দাবি করে তিনি জানান, “বিদ্রোহী প্রতিরোধকারীরা তারামসেহ ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আশপাশের গ্রাম থেকে আলাউয়িতি মিলিশিয়ারা গ্রামটি দখল করে নেয়। তারপর একজন একজন করে হত্যা করতে শুরু করে। এর আগে বোমা ও গোলায় গ্রামের প্রায় সব বাড়ি ধ্বংস হয় ও আগুনে পুড়ে যায়।”
“গ্রামের প্রত্যেক পরিবারের অন্তত একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অসংখ্যা পরিবারের নিহত পুরুষ, নারী ও শিশুদের নাম আছে আমাদের কাছে। অধিকাংশ লাশ স্থানীয় একটি মসজিদে রাখা হয়েছে,” বলেন তিনি।
হত্যাকাণ্ডের জন্য পরস্পরকে দোষারোপ করে দেওয়া বিদ্রোহী ও সরকারের দাবিগুলো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। অস্থিরতা শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সুন্নি সংখ্যাগরিষ্ঠ সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরাতে গত ১৬ মাস ধরে আন্দোলন করে আসছে বিরোধী পক্ষগুলো। প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশের মাধ্যমে আন্দোলন শুরু হলেও সরকারের দমনপীড়নে এক সময় তা বিদ্রোহের রূপ নেয়।
জাতিসংঘের হিসাবমতে, গত ১৬ মাস ধরে চলা সিরিয়ার সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৭ ঘ.
bdnews24