২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সরকার-সুপ্রিম কোর্ট সংঘাতে নতুন মোড়

পাকিস্তানে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দুর্নীতি মামলা অবিলম্বে পুনরুজ্জীবিত করার ব্যবস্থা নিতে সরকারকে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে দু’পক্ষের সংঘাত নতুন মোড় নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ইসলামাবাদ, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দুর্নীতি মামলা অবিলম্বে পুনরুজ্জীবিত করার ব্যবস্থা নিতে সরকারকে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে দু’পক্ষের সংঘাত নতুন মোড় নিয়েছে। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক রায়ে বলেছে, জারদারির মামলা পুনরুজ্জীবিত করতে নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে অবিলম্বে সুইস কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আদালতের এ রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে ২৫ জুলাই পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছে তিন বিচারকের বেঞ্চ। এ সময়ের মধ্যে নির্দেশ মানতে ব্যর্থ হলে সমুচিত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারক আসিফ খোসা। এর আগে জারদারির মামলা শুরু করতে প্রধানমন্ত্রী রাজা পারভেজ সুইস কর্তৃপক্ষকে আবেদন জানাবেন কিনা সে সিদ্ধান্ত নিতে ২৭ জুনে দু’সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল আদালত। কিন্তু জারদারির মামলার বিষয়টিতে আগের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পথই অনুসরণ করতে চান রাজা। ইউসুফ রাজা গিলানি প্রেসিডেন্ট জারদারির আইনি ছাড় আছে দাবি করে তার দুর্নীতি মামলা পুনরুজ্জীবিত করার ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ফলে গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে তাকে প্রতীকী শাস্তি দেয় সুপ্রিম কোর্ট। বিচার বিভাগ ও সরকার চলমান এ সংঘাতের মধ্যে পরবর্তীতে গিলানিকে প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট সদস্যপদেও অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট। এরপরই নির্বাচিত হন নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। নির্বাচিত হওয়ার পরই তিনি গিলানির পথ অনুসরণ করবেন বলে জানান। তারপরও জারদারির মামলা পুনরুজ্জীবিত করতে রাজার ওপর চাপ প্রয়োগ করে আদালত। এখন সরকারের সঙ্গে বিচার বিভাগের এ সংঘাতে নতুন মাত্রা যোগ করল সুপ্রিম কোর্টের নতুন রায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৫ঘ.