ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্লামেন্ট পুনর্বহালে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির জারি করা ডিক্রি বাতিলের যে নির্দেশ আদালত দিয়েছে, তার প্রতি শ্রদ্ধা দেখানো হবে বলে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে।
দ্য ডন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার মিশরের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া ওই বিবৃতির মধ্যদিয়ে দেশটির ক্ষুব্ধ বিচারপতিদের ক্ষোভ প্রশমিত করাই মূল লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিবৃতিতে বলা হয়, যদিও গতকাল (মঙ্গলবার) দেশটির সাংবিধানিক আদালত দেশের পার্লামেন্টকে তার দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, তারপরও আমরা আদালতের এই নির্দেশের প্রতি সম্মান দেখাবো কেননা আমরা আইন বলবৎ রয়েছে এমন রাষ্ট্রে রয়েছি।”
বিবৃতিতে আরো বলা হয়, “রাজনৈতিক শক্তি, প্রতিষ্ঠান ও সর্বোচ্চ আইনি কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করা হবে”।
গত মাসে দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশে সামরিক বাহিনী মিশরের নির্বাচিত পার্লামেন্ট ভেঙে দেয়। কিন্তু ওই আদেশের বিরুদ্ধে ডিক্রি জারি করে পার্লামেন্ট পুনর্বহাল করেছিলেন সদ্য ক্ষমতাগ্রহণকারী প্রেসিডেন্ট মুরসি।
মঙ্গলবার পার্লামেন্টের এক সংক্ষিপ্ত অধিবেশন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সর্বোচ্চ সাংবিধানিক আদালত ওই আদেশটি জারি করে।
তবে আদালতের নতুন আদেশের প্রতিবাদে হাজার হাজার জনতা কায়রোর স্বাধীনতা চত্ত্বরে (তাহরির স্কয়ার) জড়ো হয়ে এই আদেশকে “বেআইনি” অভিহিত করে ও সামরিক বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয়।
বিশ্লেষকদের ধারণা, দেশের সর্বোচ্চ কর্তৃত্ব কার হাতে তা নিয়ে মিশরের প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর মধ্যে অঘোষিত প্রতিযোগিতা চলছে। দু’টি প্রতিষ্ঠানই দেখাতে চাচ্ছে তারাই দেশের মূল কর্তৃত্বে।
গত বছর ক্ষমতা থেকে হোসনি মুবারকের বিদায়ের পর মিশরের ক্ষমতা গ্রহণ করে এই সর্বোচ্চ সেনা পরিষদ। তাদের তত্ত্বাবধানে আয়োজিত পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় মুবারক আমলে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের প্রার্থীরা।
পরবর্তী সময়ে সেনাপরিষদের তত্ত্বাবধানে আয়োজিত প্রেসিডেন্ট নির্বাচনেও জয়লাভ করেন মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৭ ঘ.
bdnews24