লাহোর (পাকিস্তান), জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি ভবনে বৃহস্পতিবার মুখোশ পরিহিত বন্দুকধারীদের গুলিতে নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির পুলিশ কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে।
লাহোরের পুলিশ প্রধান আসলাম তারেন বলেন, “প্রায় সকাল ৬টার দিকে মুখোশ পরিহিত বন্দুকধারীরা তিনটি মটরসাইকেলে করে ভবনটিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। নিহতরা পাঞ্জাব জেল একাডেমির প্রশিক্ষণার্থী ছিলেন।” তারেন আরো জানান, এতে তিনজন আহত হয়েছেন।
ইকরা নাক জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ওই ভবনটিতে ৩৫ জনেরও বেশি পুলিশ ও কারা কর্মকর্তা বাস করতেন।
চলতি সপ্তাহের সোমবার, পাকিস্তানের পূর্বাঞ্চলে লাহোর থেকে ১শ’ কিলোমিটার উত্তরে বন্দুকধারীদের গুলিতে ছয় সেনা নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান এবং তারা আরো হামলা চালানোর হুমকি দিয়েছে।
তবে বৃহস্পতিবারের হামলার দায় এখনো পর্যন্ত স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৭ ঘ.
bdnews24