ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় অনুমোদনের ব্যাপারে যুক্তরাজ্য, সুইডেন বা যুক্তরাষ্ট্রের কোনো চাপ মেনে নেবে না ইকুয়েডর।
দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া এ ঘোষণা দিয়েছেন।
ইকুয়েডরের টেলিভিশন চ্যানেল আরটিএস-এ দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানায়।
সাক্ষাৎকারে কোরেয়া বলেন, “যদি প্রয়োজন পড়ে তবে আমার প্রত্যেকের সঙ্গে আলোচনা করবো, কিন্তু অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাসাঞ্জকে আশ্রয় দেওয়ার ব্যাপারে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবো।”
গত মাস থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন বিশ্বব্যাপী হৈ চৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। কথিত ধর্ষণের অভিযোগে সুইডেনে তাকে পাঠানোর পরিস্থিতি এড়াতে তিনি এই দূতাবাসে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
প্রেসিডেন্ট কোরেয়া বলেন, লন্ডন, স্টকহোম এবং ওয়াশিংটনের প্রতি তার শ্রদ্ধা রয়েছে। কিন্তু অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কি না, এ ব্যাপারে তাদের নিদের্শনা মেনে নেওয়া ইকুয়েডরের উচিৎ হবে না।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জ সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে পারেন, শুধুমাত্র এই সম্ভাবনাই অ্যাসাঞ্জের আবেদন গ্রহণ করার জন্য যথেষ্ঠ।
কোরেয়া জানিয়েছে, অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছে তা তার সরকার পর্যালোচনা করে দেখবে, দেশটির বিচার ব্যবস্থাও বিবেচনা করে দেখা হবে। আর তা যদি মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তবে সেই ব্যবস্থা ইকুয়েডরেই রয়েছে।
তবে ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন অ্যাসাঞ্জ। তার দাবি, এটি সাজানো। তাছাড়া সুইডেনে তাকে ফেরত পাঠানো হলে সেখান থেকে যুক্তরাষ্ট্রের তাকে পাঠানো হতে পারে। আর যুক্তরাষ্ট্রের হাতে তাকে সমর্পন করা হলে গুপ্তচরবৃত্তির অভিযোগ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।
২০১০ সালে অ্যাসাঞ্জকে আশ্রয় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল ইকুয়েডর।
ইরাক ও আফগান যুদ্ধ সম্পর্কিত যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি উইকিলিকসে প্রকাশ করে দিয়ে বিশ্বব্যাপী হৈ চৈ ফেলে দেন অ্যাসাঞ্জ। এই ঘটনায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অনেক দেশের সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৯ ঘ.
bdnews24