ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে সামরিক পরিষদের সতর্কবার্তা উপেক্ষা করে পার্লামেন্টে সংক্ষিপ্ত অধিবেশন হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।
মিশরের সর্বোচ্চ সামরিক পরিষদ নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে পার্লামেন্ট বিলোপ করার সিদ্ধান্ত বহাল থাকবে বলে সতর্ক করার পরও তিনি এর তোয়াক্কা করেননি।
সতর্কবার্তা উপেক্ষা করেই পার্লামেন্ট অধিবেশন করার আদেশ দেন মুরসি।
সংক্ষিপ্ত অধিবেশনে পার্লামেন্টের স্পিকার সাদ আল কাতাতনি বলেন, “এমপি’রা রায়ের বিরোধিতা করছে না। বরং কিভাবে সম্মানিত আদালতের রায় বাস্তবায়ন করা হবে তা ভেবে দেখছে। আজ আর অন্য কোনো আলোচ্য বিষয় নেই।”
সুপ্রিম কোর্টের রায় কিভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে পার্লামেন্টকে উচ্চ আপিল আদালতের কাছ থেকে আইনি পরামর্শ চাওয়ার প্রস্তাব দেন স্পিকার সাদ। আর এমপি’রাও এ প্রস্তাব অনুমোদন করেন। এরপরই অধিবেশন মুলতবি করা হয়।
গত মাসে মিশরের পার্লামেন্ট অসাংবিধানিক বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। এ রায়ের বদৌলতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় সামরিক পরিষদ।
গত রোববার এক ডিক্রির মাধ্যমে পার্লামেন্ট বিলুপ্তির ওই সিদ্ধান্ত বাতিল করেন প্রেসিডেন্ট মুরসি।
এর পরপরই প্রেসিডেন্টের জারি করা ডিক্রি প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্ট। সেনাবাহিনী থেকেও প্রেসিডেন্টের আদেশের বিরোধিতা করা হয়।
এক বিবৃতিতে সর্বোচ্চ সামরিক পরিষদ জানিয়েছে, “পার্লামেন্ট বিলুপ্তির আদেশ রক্ষা করা হবে।”
এ ঘোষণাকে নবনির্বাচিত প্রেসিডেন্টকে সেনাবাহিনীর ‘চ্যালেঞ্জ’ বলেই মন্তব্য করেন বিশ্লেষকরা। কিন্তু সে চ্যালেঞ্জও উপেক্ষা করলেন মুরসি ।
মাত্র এক সপ্তাহ আগে মুরসি নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে মিশরের ক্ষমতা গ্রহণ করেন।
তিনি মিশরভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন ‘মুসলিম ব্রাদারহুড’ এর রাজনৈতিক শাখা ‘ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি’র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করেন। বিলুপ্ত নির্বাচিত পার্লামেন্টেও মুসলিম ব্রাদারহুড সদস্যদের আধিপত্য ছিল।
এদিকে, মুরসির আদেশের সূত্রে স্পিকার মঙ্গলবার পার্লামেন্টের ওই অধিবেশন ডাকেন।
এ অধিবেশনকে কেন্দ্র করে কায়রোর স্বাধীনতা চত্ত্বরে (তাহরির স্কয়ার) দলে দলে লোক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বিবিসির কায়রো প্রতিনিধি।
প্রেসিডেন্টের আদেশ বাস্তবায়ন করে পার্লামেন্ট পুনর্বহালের জন্য লাখ লাখ মানুষের সমাবেশ করার ঘোষণা দিয়েছে মুসলিম ব্রাদারহুড।
ওদিকে, সর্বোচ্চ সেনা পরিষদ বলেছে, আইন ও সংবিধানের প্রতি রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান শ্রদ্ধা দেখাবে বলেই তারা বিশ্বাস করে।
বিশ্লেষকদের ধারণা, মিশরের রাজনৈতিক অস্থিরতা আবার ফিরে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এলকিউ/১৬৫৮ ঘ.
bdnews24