২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি নিকেতনে ছাত্রী নিপীড়ন, ওয়ার্ডেন বরখাস্ত

ভারতের পশ্চিমবঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তি নিকেতনে ছাত্রী নিপীড়নের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পশ্চিমবঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তি নিকেতনে ছাত্রী নিপীড়নের ঘটনা ঘটেছে। রাতে বিছানায় প্রস্রাব করে দেয়ার শাস্তি হিসেবে এক ছাত্রীকে নিজের প্রস্রাব খেতে বাধ্য করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্কুল পাঠভবনের এক হোস্টেল ওয়ার্ডেন। আনন্দবাজার পত্রিকা এক খবরে একথা জানা যায়। বিশ্বভারতীর করবী হোস্টেলের ওয়ার্ডেন উমা পোদ্দার ওই ছাত্রীকে নিজের প্রস্রাব খেতে বাধ্য করেছেন বলে মেয়েটির মা-বাবা অভিযোগ করেন। ১০ বছর বয়সী ওই ছাত্রীটি প্রায় রাতেই বিছানায় প্রস্রাব করে দেয়ার অভ্যাস রয়েছে বলেও তার মা-বাবা জানান। ছাত্রীর বাবা মনোজ মিস্ত্রি বলেন, “আমার মেয়ে ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে ফেলায় তাকে শাস্তি দিতে উমা পোদ্দার এই কাজ করেন। তিনি বিছানায় প্রস্রাবের উপরে নুন ছড়িয়ে দিয়ে আমার মেয়েকে তা চেটে খেতে বাধ্য করেছেন।” শনিবার এ খবর জানাজানি হলে হোস্টেল ওয়ার্ডেন উমা পোদ্দারকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। পরে তাকে জামিনে মুক্তিও দেয়া হয়। এ ঘটনায় ওয়ার্ডেন উমা পোদ্দারকে সোমবার সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতীর মুখপাত্র অমৃত সেন জানান, ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩২৪ ঘ.