২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানের প্রথম স্বাধীনতা দিবস সোমবার

বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের প্রথম স্বাধীনতা দিবস সোমবার। দিবসটি উদযাপনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সরকারের দেওয়া বিভিন্ন প্রতিশ্র“তি পূরণ না হওয়ায় জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 08:02 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

জুবা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের প্রথম স্বাধীনতা দিবস সোমবার। দিবসটি উদযাপনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সরকারের দেওয়া বিভিন্ন প্রতিশ্র“তি পূরণ না হওয়ায় জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে। গত বছর এক গণভোটে স্বাধীনতার পক্ষে সমর্থন জানায় দেশটির জনতা। দৃষ্টিভঙ্গী, ধর্ম, জাতীয়তা ও তেলের মালিকানা নিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর ২০০৫ সালের এক শান্তিচুক্তি অনুযায়ী অনুষ্ঠিত হয় ওই গণভোট। গণভোটের ফলানুযায়ী সুদান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। ২০১১ সালের ৯ জুলাই দেশের পূর্ণ কর্তৃত্ব গ্রহণ করে সাবেক বিদ্রোহী গোষ্ঠী ‘সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট’। স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানী জুবাকে সজ্জিত করার চেষ্টা করেছে দেশটির সরকার। জুবার ধূলিময় রাস্তাগুলো পরিষ্কার করা হয়েছে, শহরের ল্যাম্পপোস্টগুলো রঙবেরঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে। শহরময় ঘুরে ঘুরে হকাররা লাল, সবুজ ও কালো রঙের জাতীয় পতাকা বিক্রি করছে। বিমানবন্দরের সামনে ২০ ফুট দৈর্ঘ্যরে একটি বিলবোর্ডে প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচার’র ছবি শোভা পাচ্ছে। ছবির নিচে লেখা, “একসাথে স্বাধীন দেশ গড়বো।” কিন্তু গত বছর স্বাধীনতার প্রক্কালে জুবাতে যে প্রণোচ্ছ্বাস দেখা গিয়েছিল তা এবার আর দেখা যাচ্ছে না। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান গড়তে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এক সময় বিদ্রোহী যোদ্ধা হিসেবে গৃহযুদ্ধে অংশগ্রহণ করা সশস্ত্র লোকজনের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে। গত জানুয়ারিতে সুদানের সঙ্গে বিবাদের পর তেল উত্তোলন বন্ধ রাখতে বাধ্য হয়েছে সরকার। এই তেল থেকেই দেশের ৯৮ শতাংশ কর ও বৈদেশিক মুদ্রা আসতো। তা বন্ধ হওয়ার পর দেশজুড়ে মূল্যস্ফীতি দেখা দিয়েছে। একদিকে মানুষ অনাহারে থাকছে, অপরদিকে সরকারি কর্মকর্তারা ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এসব অব্যবস্থা তদারকিতে সরকারের ব্যর্থতা প্রকট হচ্ছে। দেশটির বয়স্ক লোকজনের মধ্যে পড়াশোনা করা জনশক্তি মাত্র এক চতুর্থাংশ। দেশের মানুষের গড় আয়ু ৫০ বছরেরও নিচে। স্বাধীনতার পর সাবেক দেশ সুদানের তেল সম্পদের এক তৃতীয়াংশের মালিকানা পায় দক্ষিণ সুদান। তেল রপ্তানি থেকে শত শত কোটি ডলার আয় হয়। মানুষের আশা ছিল এ অর্থ দেশের উন্নয়ন কাজে ব্যয় করা হবে। কিন্তু তাদের আশা পূরণ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। “এখন মৌলিক প্রয়োজন মেটাতেও আমাদের সংগ্রাম করতে হচ্ছে,” জুবার রাস্তায় চলমান বিলাসবহুল গাড়ির দিকে রাগতভাবে তাকিয়ে থাকতে থাকতে বলেন এক সরকারি কর্মচারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৯ ঘ.