২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিনা নিয়েতোই মেক্সিকোর পরবর্তী প্রেসিডেন্ট

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পুনর্গণনাতেও এনরিক পিনা নিয়েতোই জয়ী হয়েছেন। বামপন্থী প্রার্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার পুনর্গণনা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 04:19 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

মেক্সিকো সিটি, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পুনর্গণনাতেও এনরিক পিনা নিয়েতোই জয়ী হয়েছেন। বামপন্থী প্রার্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার পুনর্গণনা করা হয়। ৯৯ভাগ কেন্দ্রের ভোট গণনা করে দেখা যায় ৩৮.২ ভাগ ভোট পেয়েছেন পিনা নিয়েতো। তিনি লোপেজ ওব্রাডর থেকে ৬.৭ ভাগ ভোটে এগিয়ে রয়েছেন। রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ঘোষিত প্রাথমিক ফলাফলে দেখা যায় পিনা নিয়েতো জয়ী হয়েছেন। এই ফলাফল প্রত্যাখ্যান করেন লোপেজ ওব্রাডর। তিনি সম্পূর্ণ ভোট পুনর্গণনার আহ্বান জানান। কিন্তু দেশটির কেন্দ্রীয় নির্বাচনী প্রতিষ্ঠান (আইএফই) জানায়, ৫৪ ভাগ ভোটকেন্দ্রের ভোট তারা পুনর্গণনা করতে পারবেন। নির্বাচনী আইনের সুনির্দিষ্ট ধারা অনুযায়ী এরবেশি কেন্দ্রের ভোট তার পুনর্গণনা করতে পারেন না। আইএফই’র প্রেসিডেন্ট লিওনার্দো ভালদেস বলেন, “সম্পূর্ণ ভোট পুনর্গণনার কোনো কারণই নেই।” বৃহস্পতিবার পিনা নিয়েতো সিএনএনকে বলেন, “এটি পরিস্কার যে, আমি এই নির্বাচনে বিপুল ব্যাবধানে জয়ী হয়েছি। ভোট কেনার যে অভিযোগ উঠেছে তার কোনো ভিত্তি নেই।” নির্বাচনে বিজয়ী মেক্সিকোর পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে পিনা নিয়েতো ইতোমধ্যে বিদায়ী প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিনন্দন পেয়েছেন। পিনা নিয়েতো জয়ী হওয়ার মধ্যদিয়ে দীর্ঘ সময় মেক্সিকো শাসনকারী পুরনো রাজনৈতিক দল ইনস্টিটিউশনাল রেভ্যুলিউশনারি পার্টি (পিআরআই) আবারো শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে। ২০০০ সালে নির্বাচনে পরাজিত হওয়ার আগে ৭১ বছর মেক্সিকো শাসন করেছিল পিআরআই। কিন্তু মাদক গোষ্ঠীর সঙ্গে যোগসূত্রতার অভিযোগে দলটির জনভিত্তিতে ধস নামে। নতুন মুখ পিনা নিয়েতো দলটির ওই নেতিবাচক ভাবমূর্তি ঘুচিয়ে আবারও নির্বাচনে জয়ী করেন। মেক্সিকোর প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করে। ধনী ও গরিবের মধ্যে ব্যবধানও বিস্তর। আর তাই এবারের নির্বাচনে অর্থনীতি ছিল বড় একটি ইস্যু। দেশটিতে বেকারত্বের পরিমান সাড়ে ৪ শতাংশ। প্রায় ছয় বছর আগে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্ষমতায় এসেছিলেন ফিলিপ কাল্ডেরন। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন নি। তবে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কাল্ডেরনের নীতির কঠোর সমালোচক ছিলেন। তারা ২০০৬ সাল থেকে এ পর্যন্ত মাদককেন্দ্রিক সহিংসতায় ৫৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যুকেই তার নীতির বিরুদ্ধে অধিকমাত্রায় সামনে এনে সমালোচনা করেছেন। রোববারের নির্বাচনে ভোটাররা প্রেসিডেন্ট ছাড়াও ছয়টি রাজ্যের গভর্নর, কংগ্রেস ও স্থানীয় সরকার প্রতিনিধিদেরও নির্বাচন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০০৭ ঘ.