আনকারা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার জনগণ সমর্থন না করলে ইরানের শাহ’র ভাগ্য বরণ করে অনেক আগেই ক্ষমতাচ্যুত হতে হত বলে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
বৃহস্পতিবার প্রকাশিত তুরস্কের দৈনিক ‘কমহুরিয়াত’ পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সবাই ক্ষণ গণনা করছে হয়তো আমি কিছু দিনের মধ্যেই ক্ষমতাচ্যুত হব। তারা সবাই ভুল হিসাব কষছে।”
তিনি বলেন, সিরিয়া আরব বিশ্বের পাঠানো জঙ্গিদের হামলা, পশ্চিমা রোষ ও তুরস্কের বৈরি মনোভাবের শিকার।
২০১১ সালের মার্চে আসাদ পরিবারের ৪২ বছরের শাসনাবসানের উদ্দেশে সিরিয়ায় শান্তিপূর্ণ গণঅভুত্থান শুরু হয়েছে। এরপর আসাদ বিদ্রোহীদের ওপর দমনাভিযান চালালে তা সহিংস বিক্ষোভে রূপ নেয়।
তিনি বলেছেন, “আমরা যতটা ভাবছি সিরিয়াকে নিয়ে এর চেয়েও বড় খেলা চলছে। লক্ষ্য সিরিয়াকে ভেঙে দেওয়া বা গৃহযুদ্ধ বাধানো।”
“এ পরিস্থিতি মোকাবেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ চলবে এবং আমরা তাদের পরাজিত করবই”, বলেন আসাদ।
চলমান সংঘর্ষে সিরিয়ার ২৩০ লাখ মানুষের বেশির ভাগই তার পক্ষে বলে দাবি করেছেন আসাদ। কমহুরিয়াত’কে তিনি বলেন, “ধধিকাংশ মানুষই বিষয়টিকে আমার মত করে দেখে।”
১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্ল¬বে ক্ষমতাচ্যুত শাহ’র সঙ্গে নিজেকে তুলনা করে আসাদ বলেন, “এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ শাসন করতেন তিনি (শাহ)। তার শক্তিশালী সেনা বাহিনী ছিল এবং সারা বিশ্ব ছিল তার পক্ষে। এরপরও কি তিনি জনগণের বিপক্ষে দাঁড়াতে পেরেছিলেন? না।”
“আমার পরিস্থিতি যদি তার মত হতো, জনগণ আমার সঙ্গে না থাকত, তবে আমি টিকতে পারতাম না। আমি ক্ষমতাচ্যুত হতাম। তাহলে কীভাবে আমি এখনো টিকে আছি?”
তার এ মন্তব্য থেকে স্পষ্ট যে, আসাদ জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের প্রস্তাবনা অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের বিষয়টি উপেক্ষা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৬ঘ.
bdnews24