ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে ধর্ম অবমাননাকারী আখ্যা দিয়ে এক ব্যক্তিকে থানা থেকে তুলে নিয়ে পুড়িয়ে হত্যা করেছে উন্মত্ত জনতা।
পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুলে এই ঘটনা ঘটে বলে বিবিসি জানায়।
মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরান পোড়ানোর কথিত অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। কিন্তু উন্মত্ত জনতা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উন্মত্ত জনতা লোকটিকে পোড়ানোর সময় শত শত মানুষ তা দেখেছে। সাহায্যের জন্য ওই ব্যক্তি কাতর মিনতি জানালেও তাকে রক্ষায় কেউ এগিয়ে যায় নি।
পাকিস্তানের বিতর্কিত ধর্ম অবমাননা আইনে ইসলামকে ব্যঙ্গ করলে তার শাস্তি মৃত্যুদণ্ড বলে নির্ধারিত রয়েছে। দেশটিতে প্রায়ই এই আইনের সুযোগে অন্য ধর্মাবলম্বী ও ব্যক্তি শত্র“তার জেরে লোকজনকে ফাঁসানো হয়ে থাকে।
যে অঞ্চলে ওই ঘটনাটি ঘটেছে, সেখানে সা¤প্রদায়িক গোষ্ঠী পরিচালিত শত শত মাদ্রাসা রয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কোরান অবমাননা করেছে বলে স্থানীয়রা অভিযোগ জানালে তারা তাকে গ্রেপ্তার করে। কিন্তু ওই অভিযোগ তদন্তের আগেই হাজারো উন্মত্ত মানুষ থানা ঘেরাও করে বলে পুলিশ জানায়।
পুলিশ ইন্সপেক্টর গুলাম মহিউদ্দিন বিবিসিকে বলেন, “তারা ওই ব্যক্তিকে তাদের সামনে আমাদের হত্যা করতে বলে, তা না করলে তারা তাকে নিয়ে গিয়ে হত্যা করবে বলে শাসায়।”
কিন্তু থানার কর্মকর্তারা নানাভাবে জনতাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালায়। এমন কী তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসও ব্যবহার করে। উন্মত্ত জনতার সঙ্গে সহিংসতায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহতও হয়েছে।
পুলিশ যেন কোথাও যেতে না পারে সেজন্য তারা রাস্তায় ব্যরিকেড সৃষ্টি করে। মহিউদ্দিন বলেন, উন্মত্ত জনতা হিস্টিরিয়াগ্রস্তের মতো আচরণ শুরু করে। শেষপর্যন্ত তারা ওই ব্যক্তিকে থানা থেকে তুলে নিয়ে যেতে সক্ষম হয়।
কোরান অবমাননার কথা স্বীকার করার পর ব্যক্তিকে যথেচ্ছ পেটানো হয়, ছুরিকাঘাত করা হয়। এরপর উন্মত্ত মানুষেরা তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ জানিয়েছে, তারা ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করেছে। তবে লোকমুখে যতটুকু জানা গেছে, নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
এক কর্মকর্তা বলেন, “কী ঘটতে যাচ্ছে সে ব্যাপারে ওই ব্যক্তির কোনো ধারণাই ছিল না।” তিনি আরো বলেন, “যখন তাকে কারাগারে নিয়ে আসা হয় তখন সে হাসছিল আর গান গাইছিল।”
এই মামলায় বিষয়টি ‘অজ্ঞাত ব্যক্তিদের হামলা’ বলে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৮ ঘ.
bdnews24