জুরিখ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফিলিস্তিনের প্রয়াত প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ব্যবহার্য জিনিসপত্রে বিষাক্ত উপাদান পলোনিয়াম পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে আরাফাতের বিধবা স্ত্রী প্রয়াত প্রেসিডেন্টের দেহাবশেষ কবর থেকে তুলে পুনরায় পরীক্ষার দাবি জানিয়েছেন।
অনেক চিকিৎসক ও ফিলিস্তিনি সন্দেহ পোষণ করতেন আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। বুধবার সুইজারল্যান্ডের লাওসানের ইনস্টিটুট দে রেডিওফিজিক আরাফাতের ব্যবহার্য জিনিসপত্রে বিষ পাওয়া গেছে দাবি করায় তাদের সেই সন্দেহ আরো গাঢ় হলো।
২০০৪ সালে আরাফাত আকস্মিক অসুস্থ হয়ে ফ্রান্সের একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই মারা যান।
সুইজারল্যান্ডের লাওসানের ইনস্টিটুট দে রেডিওফিজিক’র মুখপাত্র ডার্সি ক্রিশ্চেন রয়টার্সকে মঙ্গলবার জানান, আশ্চর্যজনকভাবে তারা আরাফাতের ব্যবহার্য জিনিসপত্রে উচ্চমাত্রার পলোনিয়াম-২১০’র উপস্থিতি পেয়েছেন।
তবে তিনি জোর দিয়ে বলেছেন, আরাফাতের চিকিৎসা প্রতিবেদনে যে বিবরণ দেওয়া আছে তাতে পলোনিয়াম-২১০’র প্রতিক্রিয়াজনিত কোনোকিছুর আভাস পাওয়া যায়নি। আর এ কারণেই এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না ফিলিস্তিনি ওই নেতাকে বিষপ্রয়োগ করা হয়েছিল কি না।
কাতারভিত্তিক আল জাজিরা স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত এক তথ্যচিত্রে জানানো হয়, আরাফাতের বিধবা স্ত্রী প্রয়াত স্বামীর ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র ওই সুইস প্রতিষ্ঠানটিকে দিয়েছিলেন। তাতে দেখা গেছে আরাফাতের পোশাক, টুথব্রাশ এবং তার মাথার ওড়নাতেও অস্বাভাবিক মাত্রার পলোনিয়াম পাওয়া গেছে।
পলোনিয়াম একটি বিরল উচ্চমাত্রার তেজস্ক্রিয় উপাদান।
তথ্যচিত্রটিতে সুইস ওই প্রতিষ্ঠানের পরিচালক ফ্রাঙ্কোয়িস বোচাদ বলেন, “আমি নিশ্চিত করছি, আরাফাতের ব্যবহার্য জিনিসপত্রে আমরা উচ্চমাত্রার অসমর্থনযোগ্য পলোনিয়াম-২১০’র খোঁজ পেয়েছি যা জৈব তরল হিসেবে তার শরীরের অভ্যন্তরে প্রবেশ করে থাকতে পারে।
তিনি আরো বলেন, তবে এ বিষয়টি নিশ্চিত হওয়ার একমাত্র পথ হচ্ছে আরাফাতের দেহাবশেষ পরীক্ষা করে দেখা তাতে পলোনিয়াম-২১০ রয়েছে কি না।
বোচাদ বলেন, “কিন্তু আমাদের দ্রুত এটি করতে হবে। কেননা, পালোনিয়াম মিলিয়ে যাচ্ছে। আর এ কারণে আমরা যদি বেশি দেরি করে ফেলি, আমি নিশ্চিত কোনো সম্ভাব্য সূত্র হারিয়ে যাবে।”
রাশিয়ান গুপ্তচর আলেক্সান্ডার লিটভিনেনকোর মৃত্যুর কারণ পলোনিয়াম। তিনি ২০০৬ সালে লন্ডনে মারা যান।
আরাফাতের বিধবা স্ত্রী সুহা জানিয়েছেন, তিল্পি পশ্চিম তীরে রামাল্লায় শায়িত আরাফাতের কবর থেকে দেহাবশেষ উত্তোলনের জন্য ফিলিস্তিনের কর্তৃপক্ষকে আহ্বান জানাবেন।
তথ্যচিত্রের শেষদিকে সুহা বলেন, “আমাদের এগিয়ে যেতে হবে। আরাফাতের দেহাবশেষ পরীক্ষা করতে হবে, যেন প্রকৃত সত্য সকল মুসলিম ও আরব বিশ্ব জানতে পারে।”
ইসরায়েলের বিরুদ্ধে ১৯৬০-এর দশকের যুদ্ধে আরাফাত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেনকে (পিএলও) নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ১৯৯৩ সালে পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনের স্বশাসনের ভিত্তিতে একটি শান্তিচুক্তি সই করেন।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলের সঙ্গে কয়েক বছর ধরে চালানো আলোচনা ব্যর্থ হলে ফিলিস্তিনি জনগণ বিক্ষোভ-আন্দোলনে সোচ্চার হয়ে ওঠার চারবছরের মাথায় ইয়াসির আরাফাতের রহস্যজনক মৃত্যু হয়।
আরাফাতের শেষ দিনগুলোতে তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক কোনোভাবেই আরাফাতের মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেন নি। ব্যক্তিগত গোপনীয়তা আইনের কারণে ফ্রান্সেরর্ র্কতৃপক্ষ আরাফাতের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান। এরফলে তার অসুস্থতা ও মৃত্যুর কারণ নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯২২ ঘ.
bdnews24