২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংমার চ্যালেঞ্জ উতরে গেলেন প্রণব

ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) মনোনীত প্রার্থী প্রণব মুখার্জি বিরোধী দলীয় প্রার্থী পি এ সাংমার চ্যালেঞ্জ উতরে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

নয়া দিল্লি¬, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) মনোনীত প্রার্থী প্রণব মুখার্জি বিরোধী দলীয় প্রার্থী পি এ সাংমার চ্যালেঞ্জ উতরে গেছেন। প্রণবের প্রার্থিতা বাতিলের চেষ্টা নিয়ে ব্যর্থ হয়েছেন সাংমা। প্রেসিডেন্ট নির্বাচনের রিটার্নিং অফিসার প্রণবের পক্ষে রায় দিয়ে তার মনোনয়নপত্র গ্রহণ করেছেন। প্রণব মুখার্জি ভারতীয় পরিসংখ্যান সংস্থা’র (আইএসআই) চেয়ারম্যান পদে থাকায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার কাগজপত্র বাছাই পর্বেই বাতিল করার দাবি জানিয়েছিলেন সাংমার আইনজীবী সাতপাল জেইন। ভারতের আইনানুযায়ী, ওই পদে বহাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়টি সাংঘর্ষিক। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ সোমবার জানায়, প্রেসিডেন্ট নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে এ বিষয়টি তুলে ধরে প্রণবের প্রার্থিতা বাতিলের দাবি জানান সাংমার আইনজীবী । তিনি বলেন, প্রণব মুখার্জি আইএসআই’র চেয়ারম্যান। আর সেকারণেই ‘অফিস অব প্রফিট রুল’ অনুযায়ী তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। কিন্তু প্রণব মনোনয়নপত্র জমা দেওয়ার ৮ দিন আগেই ২০ জুন আইএসআই এর চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন এবং তার পদত্যাগপত্র প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টের কাছেও পাঠানো হয়েছে - এ যুক্তিতে রিটার্নিং অফিসার ভি কে অগ্নিহত্রী তার (প্রণব) প্রার্থিতা বহাল রাখেন। আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের ফরম যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল সোমবার এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৪ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএস/এলকিউ/১৯৩২ঘ.