নয়া দিল্লি, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) মনোনীত প্রার্থী প্রণব মুখার্জির প্রার্থিতা বাতিলের চেষ্টা চালাচ্ছেন বিরোধী দলীয় প্রার্থী পি এ সাংমা।
প্রণব ভারতীয় পরিসংখ্যান সংস্থা’র (আইএসআই) চেয়ারম্যান পদে বহাল থাকায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার কাগজপত্র বাছাই পর্বেই বাতিল করার দাবি জানিয়েছেন সাংমার আইনজীবী সাতপাল জেইন।
ভারতের আইনানুযায়ী, ওই পদে বহাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়টি সাংঘর্ষিক।
সাংমার আইনজীবী সাতপাল জেইন প্রেসিডেন্ট নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে এ বিষয়টি তুলে ধরে প্রণবের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন রাজ্য সভার মহাসচিব।
জেইন বলেন, প্রণব মুখার্জি আইএসআই’র চেয়ারম্যান। আর সেকারণেই ‘অফিস অব প্রফিট রুল’ অনুযায়ী তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এ খবর জানায়।
আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের ফরম যাচাই-বাছাইয়ের শেষ দিন সোমবার এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৪ জুলাই।
ভারতে এ নিয়ে দ্বিতীয়বারের মত কোন শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে ‘অফিস অব প্রফিট রুল’ লঙ্ঘনের অভিযোগ উঠল। এর আগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছিল।
‘ন্যাশনাল অ্যাডভাইজরি কাউন্সিল’ (এনএসি) এর চেয়ারপার্সন হিসাবে দায়িত্বরত থাকার অভিযোগে ২০০৬ সালে লোক সভার আসন ছেড়ে দেন সোনিয়া। পদত্যাগ করার পর দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করে আবার উত্তর প্রদেশের রায় বারেলি আসনে জয়ী হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩২ঘ.
bdnews24