দুবাই, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়ে ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।
ইসরায়েল ইরানে হামলা চালালে এ ইহুদি রাষ্ট্রটিকে উড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তেহরানের রেভল্যুশনারি গার্ডের বিমানবাহিনীর প্রধান জেনারেল আমির আলি হাজিজাদেহ।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরনা’য় তিনি বলেন, ইরানে ইসরায়েলের কোনোরকম হামলার কঠোর জবাব দেওয়া হবে। তারা কোনো ব্যবস্থা নিলে তাদেরকে পৃথিবীপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার পট প্রস্তুত হবে।
ইরানের সে সক্ষমতা জাহির করতে হাজিজাদেহ আগামী কয়েক সপ্তাহে তিনদিনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “ইসলামিক রিপাবলিক অব ইরান অপতৎপরতা কঠোরভাবে রুখে দাঁড়াতে পারে এবং কোনোরকম অশুভশক্তির বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে পারে- তা এ মহড়ার মধ্য দিয়ে জানান দেওয়া হবে।”
কয়েকটি ছদ্ম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে এ মহড়া চলবে বলে জানান তিনি।
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তেল নিষেধাজ্ঞাসহ অন্যান্য কঠোর বাধা-নিষেধ কার্যকর হওয়ার পরপরই ইরান নতুন করে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার মহড়া চালানো এবং ইসরায়েলকে নিশ্চিহ্ন করার হুমকি দিল।
ইরানের তেলের ওপর ইইউ’র তেল নিষেধাজ্ঞাসহ অন্যান্য অবরোধ এ বছরের শুরুতেই আরোপিত হলেও তা মূলত কার্যকর হয়েছে ১ জুলাই থেকে।
ইরানের অর্থনীতিকে দুর্বল করে দিয়ে তাদেরকে পরমাণু কর্মসূচি পরিহারে বাধ্য করতে এ নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরি করছে বলে পশ্চিমাদের ধারণা।
এ কর্মসূচি বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রও ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধে বাধ্য করার শেষ অস্ত্র হিসাবে সামরিক ব্যবস্থাকে হাতে রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০৩ঘ.
bdnews24