বামাকো, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহীরা শনিবার মালির উত্তরাঞ্চলীয় টিম্বুকটু শহরের ঐতিহাসিক সমাধিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে।
স্থানীয় লোকজনের উপস্থিতিতেই তারা ইউনেস্কোর তালিকাভূক্ত সমাধিটি ভাঙ্গে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
ইউনেস্কো টিম্বুকটুকে বিপদের মুখে থাকা ঐতিহাসিক স্থানের তালিকাভূক্ত করার মাত্র কয়েকদিনের মধ্যেই এ ঘটনা ঘটল।
কঠোর ইসলামিক আইনের সমর্থক আনসার দ্বীন গোষ্ঠি মুসলিম সূফি সাধকদের এসব সমাধিকে মূর্তি হিসেবে বিবেচনা করে। বিগত বছরগুলোতে মিশর ও লিবিয়ায় সূফি সাধকদের বিভিন্ন সমাধিতে হামলা করেছিল চরমপন্থী সালাফিরা (ওহাবি)।
২০০১ সালে আফগানিস্তানের বামিয়ান প্রদেশে ৬’শ শতকের দুইটি বৌদ্ধমূর্তি তালেবান জঙ্গিরা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়।
স্থানীয় সাংবাদিক ইয়া তানদিনা টেলিফোনে রয়টার্সকে বলেন, “তারা (বিদ্রোহীরা) সিদি মাহমুদ (বেন আমর) সমাধিসহ আরো দুটি স্তম্ভ সম্পূর্ণ ভেঙ্গে ফেলেছে। তারা বলেছে, সারাদিন তারা একাজ অব্যাহত রাখবে এবং ১৬টি সমাধির সবগুলো ভেঙ্গে ফেলবে।”
“তারা কালাশেনিকভ রাইফেল সজ্জিত হয়ে কুঠার নিয়ে এসেছে। তাদেও সঙ্গে পিকআপ ট্রাকও রয়েছে। লোকজন অসহায়ভাবে শুধু তাদের এসব কাজ দেখছে।”
টিম্বুকটুর সংসদ সদস্য স্যান্ডি হায়দারা সমাধি ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “এটাকে ইউনেস্কোর সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া বলে মনে হচ্ছে।”
পুরোনো সাহারার বাণিজ্য এলাকায় অবস্থিত টিম্বুকটু ষোড়শ শতকের স্বর্ণযুগে ইসলাম শিক্ষার গুরুত্বপূর্ণ স্থান এবং ধর্মগুরু, লিপিকার ও আইনজীবীদের আবাসস্থলে পরিণত হয়।
গত বৃহস্পতিবার মালির সমগ্র উত্তরাঞ্চল দখলে নেওয়ার ঘোষণা দেয় আনসার দ্বীন। পুরো মালিতে ইসলামী শরিয়া আইন চালু করতে চায় সালাফি উগ্রপন্থী এ ইসলামী দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/১১২৯ ঘ.
bdnews24