জেনেভা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় দেশটির জন্য একটি শান্তি পরিকল্পনা প্রণয়নে শনিবার বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কফি আনান।
ওই পরিকল্পনার মধ্যে সিরিয়ার নেতৃত্বে দেশটিতে কীভাবে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর হবে তার নীতিমালাও অন্তর্ভূক্ত থাকবে।
সিরিয়া সংকটের আন্তর্জাতিক মধ্যস্থতাকারী আনান বলেছেন, সিরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে তা আন্তর্জাতিক সংকটে পরিণত হতে পারে। সিরিয়া ইস্যু নিয়ে জেনেভায় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এসব কথা বলেছেন তিনি।
তিনি বলেছেন, “সিরিয়ার নেতৃত্বে দেশটিতে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ও নীতিমালা প্রণয়নের জন্য আমরা এখানে সমবেত হয়েছি।”
এদিকে দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে শনিবারও মর্টার বোমা নিক্ষেপ করেছে সিরিয়ান সেনারা। এসব হামলায় ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিদ্রোহীরা।
দেশটির দেইর আল-জর, হোমস, ইদলিব ও দামাকাসের উপকন্ঠে হামলার খবর জানিয়েছেন তারা।
সিরিয়ায় এসব সহিংসতা বন্ধে একটি সাধারণ কৌশল প্রণয়নের উদ্দেশে বৈঠকে বসছে বিশ্বের ক্ষমতাধর দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
তবে পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যে যে মত পার্থক্য রয়েছে তা এ উদ্যোগ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘ-আরব লিগের বিশেষ প্রতিনিধি কফি আনান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগে বাধ্য করতে ঐক্যমতের সরকার প্রতিষ্ঠায় আশাবাদী।
এদিকে সিরিয়ার ওপর বাইরে থেকে কোনো কিছু ‘আরোপে’র বিরোধিতা করেছে দেশটির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী রাশিয়া।
জেনেভা সম্মেলনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ- রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের পাশাপাশি তুরস্ক, কুয়েত, কাতার ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও আরব লিগের মহাসচিব নাবিল এলারাবি যোগ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২০৪৫ ঘ.
bdnews24