বামাকো, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে বলে বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে দেশটির আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামপন্থীরা। রক্তক্ষয়ী সংঘর্ষে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের হটিয়ে মালির গাও শহর দখলের একদিন পর তারা এ ঘোষণা দিল।
তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও ওই ইসলামপন্থীরা একসময় এক জোট ছিল। মঙ্গলবার গাও শহর দখলের সময় উভয়ের মধ্যে সংঘর্ষে অন্ততপক্ষে ২০ জন নিহত হয়েছেন।
তুয়ারেগ গোষ্ঠীর ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আজাদ বা এমএনএলএ বিদ্রোহীরা ইতোমধ্যে দেশটির পশ্চিমাঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে।
এখন উত্তরাঞ্চলে ইসলামপন্থীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ায় আশঙ্কা করা হচ্ছে একসময় পুরো মালিই হয়তো ওই জঙ্গিদের স্বর্গে পরিণত হবে।
স্থানীয় আনসার ডাইন গোষ্ঠী ও তাদের সহযোগী আল-কায়েদা থেকে বিচ্ছিন্ন এমইউজেডব্লিওএ ইতোমধ্যে উত্তরাঞ্চরীয় শহর কিদালে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে।
এদিকে তিমবুকতুভিত্তিক আনসার ডাইনের কর্মকর্তা বলেছেন, “আমাদের লোকজন মালির উত্তরাঞ্চলীয় তিনটি শহরই দখল করে নিয়েছে।”
ওই এলাকার আয়তন ফ্রান্সের চেয়ে বেশি বলে জানিয়েছেন তিনি।
মালির উত্তরাঞ্চল ইসলামপন্থীদের দখল থেকে মুক্ত করার জন্য দেশটির স্থানীয় সেনাদের দ্বারা পরিচালিত সামরিক অভিযানে সহায়তা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রস্তুত আছে বলে জানিয়েছে সংস্থাটি।
আগামী বৃহস্পতিবার পশ্চিম আফ্রিকার নেতারা আইভরি কোস্টে এক সম্মেলন যোগ দেবেন যেখানে মালির উত্তরাঞ্চলের পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪৪২ ঘ.
bdnews24