প্যারিস, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের বৈপ্লবিক নীতি, শিল্প, সাহিত্য, এমন কী দেশটির পেঁয়াজের স্যুপ গৃহবন্দি থাকাকালীন মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চিকে অনুপ্রেরণা দিয়েছে।
ইউরোপ সফরের অংশ হিসেবে প্যারিসে সফররত সু চি মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান। এসময় দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ফ্রঁসোয়া হল্যান্দ তার সঙ্গে ছিলেন।
সংবাদ সম্মেলনের আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানান হল্যান্দ।
ফ্রান্সে সফর কতটা গুরুত্ব রাখে- এমন প্রশ্নের জবাবে সু চি বলেন, “ভিক্টর হুগো থেকে পেঁয়াজের স্যুপ- সব কিছুই গুরুত্ব রাখে।
“ফ্রান্স আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা অল্প কয়েকটি শব্দে বর্ণনা করা কঠিন। তবে ফ্রান্সের বৈপ্লবিক নীতি আমার রাজনৈতিক সংগ্রামে সবসময়ই অনুপ্রেরণা জুগিয়েছে।”
মিয়ানমারের নেত্রী জানান, গৃহবন্দি থাকাকালীন তিনি ফরাসি সাহিত্য শিখতে ও বুঝতে মনোনিবেশ করেছিলেন।
এক্ষেত্রে ভিক্টর হুগোর নাম উল্লেখ করে তিনি বলেন, “তার (হুগোর) ‘ল্য মিজারেবল’-এ ১৯ শতকে ফ্রান্সের দরিদ্র জনগণের সংগ্রামের কাহিনি বর্ণনা করা হয়েছে।”
সু চি বলেন, “আমি প্রতিদিনই অল্প করে হলেও ফরাসি সাহিত্য পড়ার চেষ্টা করি। আর তাই ফ্রান্স ও এর চিন্তা ভাবনার সঙ্গে সবসময়ই আমার যোগাযোগ থাকে।”
দু’দশক গৃহবন্দি থেকে ২০১০ সালের নভেম্বর মাসে মুক্তি পান সু চি। বর্তমানে তিনি ১৭ দিনের ইউরোপ সফরে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৪৮ ঘ.
bdnews24