২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের পরিচালনা পর্ষদে প্রথম নারী স্যান্ডবার্গ

অনলাইনে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যমে ফেইসবুকের পুরুষ অধ্যুষিত পরিচালনা পর্ষদে প্রথম নারী সদস্য হিসেবে যোগ দিচ্ছেন চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 06:13 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

সান ফ্রান্সিসকো, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনলাইনে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যমে ফেইসবুকের পুরুষ অধ্যুষিত পরিচালনা পর্ষদে প্রথম নারী সদস্য হিসেবে যোগ দিচ্ছেন চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ। গত সোমবার পরিচালক হিসেবে তার নাম ঘোষণা করা হয় যিনি কাজ করবেন সাত পুরুষ পরিচালকের সঙ্গে। বেশ কয়েক বছর ধরে সিলিকন ভ্যালির শীর্ষস্থানীয় পদগুলোতে নারী কর্মকর্তার অভাব নিয়ে সমালোচনায় মুখর ছিলেন ৪২ বছর বয়সী স্যান্ডবার্গ। ২০০৮ সালে ফেইসবুকে যোগ দেওয়ার পর গত মে মাসে আইপিওর মাধ্যমে এক হাজার ৬০০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনায় কেন্দ্রীয় ভূমিকা রাখেন তিনি। স্যান্ডবার্গকে পরিচালক হিসেবে ঘোষণা দেওয়ার পর ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এক বিবৃতিতে বলেন, “ফেইসবুক পরিচালনায় শেরিল আমার সঙ্গী হিসেবে আছে। বছর ধরে আমাদের প্রবৃদ্ধি ও সফলতায় সে কেন্দ্রীয় ভূমিকা রেখেছে।” ফেইসবুকে যোগ দেওয়া আগে স্যান্ডবার্গ কাজ করেছেন গুগলে, যেখানে সার্চ ভিত্তিক বিজ্ঞাপনকে কোম্পানিটির ব্যবসার অন্যতম স্তম্ভে পরিণত করার কৃতিত্ব দেওয়া হয় তাকে। ফেইসবুক পুঁজিবাজারে যাওয়ার আগে দাবি ওঠে এর পরিচালনা পর্ষদে নারী সদস্য নেওয়ার। গত এপ্রিলে নারী অধিকার সংস্থা আল্ট্রা ভায়োলেট ফেসবুকের নিউ ইয়র্ক অফিসের সামনে এ ইস্যুতে বিক্ষোভ করে। এক বিবৃতিতে স্যান্ডবার্গ বলেন, “বিশ্বকে আরো সংযুক্ত করতে ফেসবুক প্রতিদিন কাজ করে যাচ্ছে। এমন একটি কোম্পানির অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২০৭ ঘ.