লিবিয়া, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী আল-বাগদাদি-আল মাহমুদিকে হস্তান্তর করেছে তিউনিসিয়া।
গত বছর লিবিয়ার তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন চলাকালে মাহমুদি পালিয়ে তিউনিসিয়ায় চলে গিয়েছিলেন।
এরপর তিউনিসিয়া থেকে তাকে লিবিয়ায় ফেরত পাঠানোর খবর রোববার বিবিসি কে নিশ্চিত করে জানিয়েছে ত্রিপোলির প্রধানমন্ত্রীর কার্যালয়।
লিবিয়ায় গাদ্দাফির আমলে ২০০৬ সালের মার্চ থেকে প্রধানমন্ত্রী ছিলেন ৭০ বছর বয়স্ক মাহমুদি। কিন্তু গত বছর আন্দোলন চলার সময় গাদ্দাফির বাহিনী ত্রিপোলির নিয়ন্ত্রণ হারানোর পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।
অবৈধভাবে তিউনিসিয়ায় প্রবেশ করার কারণে সেপ্টেম্বরে গ্রেপ্তার হন মাহমুদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৩ঘ.
bdnews24