আনকারা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরীয় গোলার আঘাতে বিধ্বস্ত তুর্কি বিমানের নিখোঁজ বৈমানিকদের খোঁজে সিরীয় ও তুর্কি বাহিনী যৌথ অভিযান পরিচালনা করছে। কিন্তু ভূমধ্যসাগরে ডুবে যাওয়া বিমানটির কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি।
শনিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু বিশ্বের নেতৃস্থানীয় দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ইরান ও ইউ’র পররাষ্ট্রনীতি প্রধানকে ফোন করে ঘটনার বিষয়ে তাদের অবহিত করেছেন।
তবে বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে কোনো সামরিক সংঘাতে না জড়ানোর ইঙ্গিত দিয়েছে দেশদু’টি।
এর আগে তুরস্ক ঘটনার বিষয়ে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকী দিয়েছিল। তাতে ১৬ মাস ধরে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতায় কবলিত সিরিয়ার সঙ্গে তুরস্কের সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
শনিবার তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল বলেছিলেন, “এ ধরনের ঘটনা ধামাচাপা দেওয়া যায় না, যে পদক্ষেপ নেওয়া উচিত তা নেওয়া হবে।”
গুল জানিয়েছেন, দ্রুতগামী জঙ্গি বিমান প্রায়ই সীমান্ত অতিক্রম করে কিছু দূর যায়। তবে তুরস্কের আকাশ সীমাতেই বিমানটি বিধ্বস্ত করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো জানান, দামেস্কের সঙ্গে আঙ্কারার টেলিফোনে যোগাযোগ হয়েছে এবং বিধ্বস্ত বিমান ও পাইলটের অনুসন্ধান অভিযান এখনো চলছে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান করার জন্য দেশদু’টির প্রতি আহ্বান জানিয়েছেন।
সিরিয়ার সামরিক বাহিনীর দাবি, শুক্রবার ভূমধ্যসাগরের সিরীয় উপকূলে তাদের জলসীমায় অনেক নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় তুর্কি বিমানটিকে গুলি করা হয়।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যেসিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট আধুনিক, যা গড়ে তোলা হয়েছে রুশ প্রযুক্তি দিয়ে।
গত বছর মার্চে প্রেসিডেন্ট আসাদের বিরোধীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘাত শুরুর পর এ পর্যন্ত সিরিয়ায় অন্তত ১০ হাজার লোক নিহত হয়েছে। সেখানে শান্তি ফেরাতে জাতিসংঘের চেষ্টাও কোনো কাজে আসেনি।
সহিংসতা শুরুর পর থেকে ৩২ হাজারেরও বেশি সিরীয় নাগরিক প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিয়েছে। সিরিয়ার বিদ্রোহীরা তুরস্কে অবস্থান নিয়ে আসাদের বাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করে আসছে সিরিয়া সরকার।
তুরস্কের একটি প্রদেশের উপকূলে ভূমধ্যসাগরে বিধ্বস্ত বিমানটির খোঁজে তল্লাশী চালাচ্ছে দেশদু’টির নৌবাহিনী। ওই প্রদেশেই সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত কয়েক হাজার সিরীয় বিদ্রোহী আশ্রয় নিয়ে আছে।
তুরস্ক আগেই বলেছে, বাশার আল আসাদকে সরে যেতেই হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩৪৬ ঘ.
bdnews24