এথেন্স, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসের নতুন জোট সরকার ঋণ সহায়তা প্যাকেজের (বেইলআউট) শর্ত পূরণের সময়সীমা কমপক্ষে দুই বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
এ সময়ের মধ্যে সরকার বেতন এবং অবসর ভাতা আর না কমিয়ে ব্যয়সঙ্কোচনে ধীরে চল নীতি নিতে চাইছে।
দেশকে ঘোর অর্থনৈতিক সঙ্কট থেকে উদ্ধারে গত ফেব্রুয়ারিতে ইইউ/আইএমএফ এর সঙ্গে ১৩০ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা চুক্তির শর্ত পূরণে আন্তর্জাতিক চাপের মুখে আছে গ্রিস।
গত সপ্তাহে গ্রিসে দ্বিতীয়বারের মতো পার্লামেন্ট নির্বাচনের পর এ শর্ত বাস্তবায়ন নিয়ে অচলাবস্থা কেটেছে। নতুন পরিকল্পনায় আরো কোনো কাটছাঁট না করেই শর্ত পূরণের চেষ্টা নেবে গ্রিস।
তবে আগামী সপ্তাহের ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে গ্রিসের নতুন কর্মসূচি তীব্র বিরোধিতার মুখে পড়বে বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৪ঘ.
bdnews24